Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফের কনকনে শীত, পরপর দু’দিন নামল পারদ

 

Biting-cold-returned

সমকালীন প্রতিবেদন : ফেব্রুয়ারির শুরুতেই ফের শীতের কামব্যাক কলকাতা ও দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই পরপর দু’দিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এল শহরের তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নীচে অবস্থান করছে। ফলে সপ্তাহান্তে সকালে ও রাতে শীতের আমেজ স্পষ্টভাবে টের পাচ্ছেন শহরবাসী।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও তিন থেকে চার দিন এই শীতল পরিবেশ বজায় থাকবে। শেষবার ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় দু’বছর পর আবার ফেব্রুয়ারিতেই ১৪ ডিগ্রির ঘরে পারদ নামায় স্বাভাবিকভাবেই নজর কেড়েছে আবহাওয়ার এই বদল।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস‌– সেটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রির বেশি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৫ থেকে ৮৩ শতাংশের মধ্যে। আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশা ও শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও আগামী তিন-চার দিন বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ-সহ সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে এক হাজার মিটারেরও নীচে।

তবে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গেও সকালের দিকে খুব হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। তবে সেই বৃদ্ধি দুই থেকে তিন ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বুধ-বৃহস্পতিবার নাগাদ কলকাতায় ফের পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। 

আগামী সপ্তাহ জুড়ে শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। পাশাপাশি আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। সব মিলিয়ে, ফেব্রুয়ারির শুরুতেই ফের এক দফা শীতের স্বাদ পাচ্ছে বাংলা। বিশেষ করে সকাল আর রাতের দিকে কনকনে ঠান্ডা উপভোগ করছেন সাধারণ মানুষ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন