Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের আনন্দে পুরস্কারের বৃষ্টি, কিশোর চ্যাম্পিয়নদের জন্য ৭.৫ কোটি ঘোষণা বিসিসিআইয়ের

 

Teenage-Champion

সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কিশোর ক্রিকেটারদের সাফল্যকে বিশেষ স্বীকৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আয়ুষ মাত্রের নেতৃত্বে বিশ্বজয়ী ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে ৭ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত উদীয়মান তারকাদের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

শুক্রবার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একতরফা লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। গোটা প্রতিযোগিতায় একটিও ম্যাচ না হেরে শিরোপা নিশ্চিত করে আয়ুষ মাত্রের দল। এই জয়ের মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ঐতিহাসিক এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দলকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, এই জয় ভারতের ক্রিকেট প্রতিভার গভীরতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকেই তুলে ধরেছে।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, শুধু বোর্ড নয়, গোটা দেশই এই অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যেভাবে হারানো হয়েছে, তা নজিরবিহীন। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

ফাইনালের নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতকের পর শিরোপা লড়াইয়ে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ভারত ৯ উইকেটে ৪১১ রান তোলে এবং ইংল্যান্ডকে ১০০ রানে পরাজিত করে। বৈভব ১৫টি ছক্কা ও সমান চার মারেন এবং ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এই জয়ে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, আর অশ্বিন ও সূর্যকুমার যাদব-সহ ক্রিকেট দুনিয়ার বহু তারকা। কোহলি, যিনি নিজে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন, ‌তিনিও সোশ্যাল মিডিয়ায় তরুণ দলটির প্রশংসা করেন। অধিনায়ক আয়ুষ মাত্রে জানান, রোহিত শর্মা ও হরমনপ্রীত কউরের মতো নেতৃত্বের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। ষষ্ঠ বিশ্বজয় সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন