সমকালীন প্রতিবেদন : আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে সংগঠন মজবুত করতে সক্রিয় বিজেপি। কর্মীদের মনোবল বাড়ানো এবং ভোটের ময়দানে দলের অবস্থান আরও শক্ত করতে দেওয়াল লিখন থেকে শুরু করে ঘরে ঘরে জনসংযোগে নামলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
রবিবার বনগাঁর কুঠিবাড়ি এলাকায় বীরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন শান্তনু ঠাকুর। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ, বিজেপি নেতা দেবদাস মণ্ডল সহ একাধিক দলীয় নেতৃত্ব। এর পর বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে দলের প্রচার চালান।
এর পাশাপাশি সাধারণ মানুষ ও দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজ্যে পরিবর্তনের জন্য মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, সংগঠিত ভাবে কাজ করলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করা সম্ভব।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শাসক দলের পাল্টা প্রচারের মোকাবিলায় আগামী দিনেও এ ধরনের জনসংযোগ ও প্রচার কর্মসূচি আরও জোরদার করা হবে। দেওয়াল লিখন, ঘরে ঘরে পৌঁছানো এবং কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়েই মানুষের আস্থা ফেরাতে চাইছে বিজেপি নেতৃত্ব।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন