সমকালীন প্রতিবেদন : বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া এফপি স্কুলে সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বিদ্যালয়ের মধ্যেই একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বুথ লেভেল অফিসার। অভিযুক্ত ব্যক্তির নাম স্মরজিৎ হালদার। তিনি ওই স্কুলেরই শিক্ষক এবং বাগদা থানার পারমাদন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুলে আসার পর আচমকাই একটি ঘরে গিয়ে গলায় দড়ি লাগান তিনি। বিষয়টি নজরে আসতেই স্কুলের শিক্ষক ও গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, স্মরজিৎ হালদার বাগদা ৩০ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে ভুগছিলেন তিনি। সেই চাপের কারণেই আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁর পরিবার, সহকর্মী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীর এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাঁর সুস্থতা কামনা করছেন সকলে।







তাঁকে অভিযুক্ত বলছেন কেনো?
উত্তরমুছুন