Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল বিসিসিআইয়ের, কোহলি-রোহিত নামলেন B ক্যাটাগরিতে

 

Cricketer-categories

সমকালীন প্রতিবেদন : ২০২৫-২৬ মরশুমের কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় আমূল পরিবর্তন আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতদিন বোর্ডের সর্বোচ্চ ক্যাটাগরি হিসেবে পরিচিত A+ গ্রেড সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। নতুন কাঠামোয় মোট ৩০ জন ক্রিকেটারকে তিনটি গ্রেড— A, B ও C-এর অধীনে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। এই সিদ্ধান্তে স্পষ্ট ইঙ্গিত মিলছে, খেলোয়াড়দের বর্তমান ভূমিকা এবং কোন কোন ফরম্যাটে তাঁরা সক্রিয়, সেটিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে বোর্ড।

এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত দিক রোহিত শর্মা ও বিরাট কোহলির গ্রেড পরিবর্তন। দৈনিক জাগরণ-এর রিপোর্ট অনুযায়ী, গত মরশুমে A+ গ্রেডে থাকা এই দুই তারকাকে এ বার সরাসরি B গ্রেডে রাখা হয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়াই এর মূল কারণ বলে জানা যাচ্ছে। একই গ্রেডে রয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও। সব মিলিয়ে B গ্রেডে জায়গা পেয়েছেন মোট ১১ জন ক্রিকেটার।

A গ্রেডে রাখা হয়েছে টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল, তারকা পেসার জশপ্রীত বুমরা এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। গিল ও বুমরা তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন, আর জাডেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে বর্তমানে টেস্ট ও একদিনের ক্রিকেটেই মনোযোগী। বোর্ডের মতে, এই তিন ক্রিকেটারই এখন ভারতীয় দলের তিন ফরম্যাটের মূল স্তম্ভ।

অন্যদিকে, C গ্রেডে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন একাধিক উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়— অভিষেক শর্মা, রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শনের মতো নাম। তাঁদের ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত মরশুমে বিসিসিআই চারটি গ্রেড— A+, A, B ও C-এর অধীনে কেন্দ্রীয় চুক্তি দিত। এবার A+ গ্রেড সম্পূর্ণ বাতিল হওয়ায় বোর্ডের নীতিতে স্পষ্ট পরিবর্তনের ছবি উঠে এসেছে। নতুন কাঠামো ভারতীয় ক্রিকেটে পারফরম্যান্স, ফিটনেস এবং সক্রিয় ফরম্যাটকে গুরুত্ব দেওয়ার দিকেই এগোচ্ছে বলে মনে করছে ক্রিকেটমহল।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন