Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আদালতের চাপে পিছু হটল এসএসসি, চাকরি ফিরছে ৭৯ যোগ্য শিক্ষক-শিক্ষিকার

 

SSC-backtracks

সমকালীন প্রতিবেদন : আদালত অবমাননার মামলায় কলকাতা হাই কোর্টের কড়া অবস্থানের মুখে অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ ও প্রতিশ্রুতি মেনে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো ৭৯ জন যোগ্য শিক্ষক-শিক্ষিকাকে পুনরায় নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াই, অনিশ্চয়তা এবং চাকরি ফিরে পাওয়ার অপেক্ষার অবসান ঘটতে চলায় স্বস্তিতে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। ওই নিয়োগে আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ‌– তিনটি স্তরেই আবেদন করেছিলেন এই ৭৯ জন। তাঁদের প্রত্যেকের নামই সংশ্লিষ্ট স্তরের চূড়ান্ত মেধাতালিকায় ছিল বলে দাবি মামলাকারীদের। কিন্তু নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের নিয়োগ প্রক্রিয়া আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে চাকরিতে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার সুযোগ পাননি।

পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই প্রক্রিয়ার জেরে চাকরি হারাতে হয় এই ৭৯ জনকেও। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও নিয়োগ দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ছিল না বলে দাবি করেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, এসএসসির নিয়োগ প্রক্রিয়ার জটিলতা এবং প্রশাসনিক গাফিলতির কারণেই যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি হারাতে হয়েছে।

এরপর নিজেদের অধিকার ফিরে পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমনা বেরা, তিতাস দাস-সহ ৭৯ জন। মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, প্রত্যেকেই যোগ্য প্রার্থী এবং তিনটি স্তরের চূড়ান্ত মেধাতালিকায় তাঁদের নাম ছিল। নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ আগে হয়ে যাওয়ায় আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে বসতে পারেননি তাঁরা। পরবর্তী সময়ে আগের চাকরি বাতিল হওয়ায় কার্যত কোনও স্তরেই তাঁদের চাকরি থাকেনি।

মামলাটি বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে সমস্ত দিক খতিয়ে দেখে ওই ৭৯ জনকে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। কমিশনের বিরুদ্ধে দায়ের হয় আদালত অবমাননার মামলা।

শুনানিতে আদালতের কড়া মনোভাবের মুখে পড়ে এসএসসি জানায়, শূন্যপদের হিসাব-নিকাশ খতিয়ে দেখে ছয় সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা করা হবে। এই মর্মে আদালতে লিখিত প্রতিশ্রুতিও দেয় কমিশন। অবশেষে সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৭৯ জনের পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। দীর্ঘ অপেক্ষার পর আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন