Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হার্দিককে না পেয়ে বিকল্পের খোঁজে কেকেআর, অধিনায়ক হতে পারেন যশস্বী!

 ‌

New-captain-of-KKR

সমকালীন প্রতিবেদন : ‌হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনায় জল ঢেলে দিল দলবদলের খবর। নাইট সমর্থকদের একটা বড় অংশ আশা করেছিলেন, আগামী মরশুমে বেগুনি জার্সিতে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডারকে। শুধু দলের শক্তি বাড়ানো নয়, হার্দিককে অধিনায়ক হিসেবেও চেয়েছিল কেকেআর। কিন্তু সেই সম্ভাবনা কার্যত শেষ। ফলে নতুন করে অধিনায়কের সন্ধানে নামতে হচ্ছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নদের। এই পরিস্থিতিতে আলোচনায় উঠে আসছে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালের নাম।

২০২৬ সালের আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি কলকাতা। অজিঙ্ক রাহানের নেতৃত্বে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে শেষ করতে হয়েছে নাইটদের। ১৪টি ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র ছয়টিতে। তার উপর একাধিক তারকার চোট এবং নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করেছে। ফলে ২০২৭ সালের নিলামের আগে দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে কেকেআর। সেই সঙ্গে বাড়াতে চাইছে নিলামের পার্সও।

রাহানের অবসরের পর অধিনায়কের জায়গাটি ফাঁকা। সহ-অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখনই তাঁর হাতে নেতৃত্ব তুলে দিতে চাইছে না নাইট শিবির। তাই অভিজ্ঞ কোনও ক্রিকেটারকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। হার্দিক সেই জায়গার অন্যতম পছন্দ ছিলেন। কিন্তু তাঁকে না পাওয়ায় বিকল্প হিসেবে যশস্বীকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, রাজস্থান রয়্যালসে নিজের বর্তমান ভূমিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন ভারতীয় ওপেনার। রিয়ান পরাগের নেতৃত্বে খেলা এবং তরুণ বৈভব সূর্যবংশীর উত্থানের মধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চাইছেন তিনি। যদিও যশস্বীর দল ছাড়ার বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর নেই।

কেকেআরের কাছে যশস্বী নিঃসন্দেহে বড় সংযোজন হতে পারেন। ওপেনিংয়ের সমস্যা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাঁকে তৈরি করা সম্ভব। তবে তাঁকে দলে পেতে হলে রাজস্থানের সঙ্গে বড়সড় ট্রেডের প্রয়োজন হতে পারে। দলের কোনও প্রথম সারির ক্রিকেটারকে ছাড়তে হতে পারে নাইটদের। এই ঝুঁকি নিতে কেকেআর কতটা আগ্রহী, সেটাই এখন দেখার। যশস্বীকে পেতে লখনউ সুপার জায়ান্টসও আগ্রহ দেখাতে পারে বলে জল্পনা রয়েছে।

অন্যদিকে, দলের কয়েকজন দামি ক্রিকেটারকে ছেড়ে দিয়ে আর্থিক বোঝা কমানোর পরিকল্পনাও রয়েছে নাইটদের। সবচেয়ে বেশি আলোচনায় অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। ২০২৬ সালের নিলামে ২৫.২০ কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু ১৪ ম্যাচে ৩২২ রান এবং সাত উইকেটের বেশি অবদান রাখতে পারেননি তিনি। ফলে তাঁকে ছেড়ে দিয়ে কম দামে ফের কেনার কৌশল নিতে পারে ফ্র্যাঞ্চাইজি।

শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকেও ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। ১৮ কোটি টাকা দিয়ে কেনা এই বোলার চোটের কারণে গোটা মরশুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কেনা হলেও বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে সরকারি স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছিল। ফলে তাঁর চুক্তি থেকেও বেরিয়ে আসতে পারে কলকাতা।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় আরও রয়েছেন রাচিন রবীন্দ্র এবং ব্লেসিং মুজারাবানি। একাদশে সুযোগ না পাওয়ায় রাচিন নিজেই দল ছাড়ার কথা ভাবতে পারেন। আর বিকল্প হিসেবে যোগ দিয়ে একটি ম্যাচে চার উইকেট নেওয়া মুজারাবানিকেও ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেন্ট বোল্টকে ট্রেডের মাধ্যমে দলে আনার কথাও ভাবতে পারে নাইটরা।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নীতীশ রানার প্রত্যাবর্তনও হতে পারে চমক। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরশুমে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন কেকেআরে খেলা এবং অতীতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকায় তাঁকে ফেরানো হলে নেতৃত্বের ক্ষেত্রেও সুবিধা পাবে দল। পাশাপাশি জেসন হোল্ডারকেও অধিনায়কত্বের বিকল্প হিসেবে ভাবা হতে পারে। তবে শেষ পর্যন্ত রিঙ্কু সিং কিংবা বরুণ চক্রবর্তীর হাতে নেতৃত্ব যায় কি না, সেটাও দেখার।

হার্দিককে না পাওয়ার ধাক্কা সামলে ২০২৭ সালের আইপিএলের আগে বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে কেকেআর। নতুন অধিনায়ক নির্বাচন থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের ছাঁটাই– নিলামের আগে নাইট শিবিরের প্রতিটি সিদ্ধান্তই হতে চলেছে গুরুত্বপূর্ণ।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন