Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিআরপিএফের নাকা চেকপোস্টে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ বাংলার জওয়ান-সহ ৩

 

Militant-attack

সমকালীন প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলা। বুধবার দুপুরে কুলগাম জেলার মিরবাজারের কাছে সিআরপিএফের একটি নাকা চেকপোস্টে আচমকাই এলোপাথাড়ি গুলি চালায় বাইকে চেপে আসা দুই সশস্ত্র জঙ্গি। অতর্কিত এই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। হামলার পরেই ঘটনাস্থল থেকে বাইকে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

জানা গেছে, বুধবার দুপুর দুটো নাগাদ মোটরবাইকে করে মিরবাজার এলাকার ওই নাকা পয়েন্টে পৌঁছায় দুই সশস্ত্র জঙ্গি। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে তারা। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তিনজন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। তবে সেই সুযোগে বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় সেনার কুইক রেসপন্স টিম। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় নিরাপত্তা অভিযান।

আহত তিন জওয়ানকে উদ্ধার করে দ্রুত অনন্তনাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। সিআরপিএফ সূত্রে জানা গেছে, আহতদের নাম সন্তোষ চাঁদু, রাকেশ দাস এবং সোমবীর সিং। সন্তোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাকেশ অসমের এবং সোমবীর মধ্যপ্রদেশের বাসিন্দা। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর সিআরপিএফের তরফেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা কুলগাম জেলার একটি নাকা পয়েন্টে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। এর পিছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। হামলার মূলচক্রী হিসেবে উঠে এসেছে লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাটের নাম। তার মাথার দাম ২৪ লক্ষ টাকা বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রায় এক বছর পর কাশ্মীরে ফের এমন জঙ্গি হামলার ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে উপত্যকায়। হামলাকারীদের চিহ্নিত করতে কুলগাম-সহ আশপাশের এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি চলছে। বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে বাড়ানো হয়েছে নাকা চেকিং। জঙ্গিরা যাতে কোনওভাবেই এলাকা ছেড়ে পালাতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা। গোটা উপত্যকায় জারি করা হয়েছে সতর্কতা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন