সমকালীন প্রতিবেদন : সংবিধান দিবসকে সামনে রেখে ভুয়ো তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতি (এসটি) শংসাপত্র তৈরির অভিযোগে সরব হল বনগাঁ মহকুমা মতুয়া মহাসংঘ। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবিতে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে যাঁরা বেআইনিভাবে এসসি ও এসটি সার্টিফিকেট তৈরি করে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রকৃত তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মানুষের অধিকার সুরক্ষিত রাখতেই এই প্রতিবাদ কর্মসূচি। তাঁদের অভিযোগ, অতীতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে একাংশ ভুয়ো এসসি ও এসটি শংসাপত্র তৈরি করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন। এর ফলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। তাই এই ধরনের শংসাপত্রের যথাযথ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি বনগাঁর এক তৃণমূল নেতা এবং তার মেয়েকে নিশানা করেন। স্বপন মজুমদারের দাবি, তাদের এসসি শংসাপত্র সংক্রান্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। খুব শীঘ্রই সেই মামলার নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, আগামী দিনে তাদের গ্রেফতার হতে হবে বলেও মন্তব্য করেন বিধায়ক।
সংবিধান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে সামাজিক ন্যায়বিচার, সংরক্ষণের অধিকার এবং শংসাপত্রের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে এই কর্মসূচি পালন করে মতুয়া মহাসংঘ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তবে ওই নেতা ও তার মেয়েকে ঘিরে বিধায়কের করা অভিযোগ ও মন্তব্যের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আন্দোলনকারীরা।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন