Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবিধান দিবস : ভারতীয় সংবিধান রচনায় ২৪ পরগণা জেলার ভূমিকা সংক্রান্ত একটি আলোচনা

 

Constitution-Day

সংবিধান দিবস : ভারতীয় সংবিধান রচনায় ২৪ পরগণা জেলার ভূমিকা সংক্রান্ত একটি আলোচনা 

স্বপন ঘোষ 


২৬ শে নভেম্বর তারিখটি স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর তারিখে ভারতীয় গণপরিষদ সংবিধানের খসড়া কমিটি দ্বারা প্রস্তুত খসড়া সংবিধানকে গ্রহণ করে। স্বাধীন ভারতে বর্তমানে এই দিনটি সংবিধান দিবস হিসেবে স্বীকৃত।প্রাথমিকভাবে ১৯৪৬ খ্রিস্টাব্দে পরাধীন ভারতে গণপরিষদ গঠন করা হয় এবং তখন গণপরিষদের সদস্য সংখ্যা ছিল ৩৮৯ জন। পরবর্তীকালে দেশভাগের পর গণপরিষদ পুনর্গঠিত হয় এবং তার সদস্য সংখ্যা দাঁড়ায় ২৯৯ জন। 

অবিভক্ত বাংলায় গণপরিষদের সদস্য সংখ্যা ছিল ৩৮ জন। কিন্তু স্বাধীনতা লাভের সময় বাংলা ভাগ হওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে গণপরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৯। এই সদস্যদের মধ্যে প্রমথরঞ্জন ঠাকুর, ডঃ মনমোহন দাস, সোমনাথ লাহিড়ী, বসন্তকুমার দাস, অরুণচন্দ্র গুহ, হেমচন্দ্র নস্কর, প্রফুল্লচন্দ্র ঘোষ, শ্যামাপ্রসাদ মুখার্জী, শরৎচন্দ্র বোস প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। ডক্টর বি আর আম্বেদকর প্রাথমিকভাবে বাংলা থেকেই গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে দেশভাগজনিত সমস্যার কারণে তিনি বাংলার পরিবর্তে পুনরায় বোম্বে থেকে গণপরিষদের সদস্য নির্বাচিত হন।

 

ভারতীয় গণপরিষদের সদস্য হিসেবে ২৪ পরগণা জেলার একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গণপরিষদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ১৯ জন প্রতিনিধির মধ্যে অন্তত তিনজনের জন্মস্থান ও কর্মক্ষেত্র ছিল ২৪ পরগণা জেলা। এঁরা হলেন শ্রী হেমচন্দ্র নস্কর, ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর এবং শ্রী অরুণচন্দ্র গুহ।

শ্রী হেমচন্দ্র নস্কর জন্মসূত্রেই ২৪ পরগণা জেলার মানুষ ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে থেকেই তিনি ভারতীয় গণপরিষদের সদস্য হয়েছিলেন। পরবর্তী জীবনে কলকাতার মেয়র হন। গণপরিষদের সদস্য হিসেবে তিনি তপশিলি জাতির মানুষদের অধিকার সংরক্ষণের জন্য বিশেষ লড়াই চালিয়েছিলেন। ব্যক্তিজীবনে নিরহংকারী এই মানুষটি সকলের কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন। রাজনৈতিক বিরোধ থাকলেও ব্যক্তি জীবনে সখ্যতা এবং সুস্থ সম্পর্ক তিনি সকলের সঙ্গে আজীবন বজায় রেখেছিলেন। সংসদে তাঁর বক্তব্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল। 

ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর পি. আর. ঠাকুর নামে সমধিক প্রসিদ্ধ। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের প্রপৌত্র প্রমথরঞ্জন ঠাকুর ‘Depressed Classes League’এর বাংলা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশের ফরিদপুরে জন্ম হলেও পরবর্তীকালে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং ২৪ পরগণা জেলার ঠাকুরনগরে বসবাস শুরু করেন। নদীয়ার নবদ্বীপ থেকে তিনি লোকসভার সাংসদ হয়েছিলেন।  

গণপরিষদের সদস্য হিসেবে তপশিলি জাতির অধিকার প্রতিষ্ঠায় এবং সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ সংক্রান্ত ধারা সংযুক্তি ও নিম্নবর্ণের মানুষদের সামাজিক অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য। সারা ভারত মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছেই শুধু নয়, বাংলার সামাজিক আন্দোলনের ইতিহাসে তিনি একজন প্রণম্য ব্যক্তিত্ব।

শ্রী অরুনচন্দ্র গুহ বাংলার বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রথম জীবনে তিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে কংগ্রেস রাজনীতিতে যোগ দেন এবং পরে গণপরিষদের সদস্য হিসেবে ভারতীয় সংবিধান রচনার কাজে অংশগ্রহণ করেন। তাঁর জন্মস্থান পূর্ববঙ্গের বরিশাল। 

পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। বলিষ্ঠ সাংবাদিক হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯২৩ খ্রিস্টাব্দে তিনি সরস্বতী প্রেস প্রতিষ্ঠা করেন। ১৯৫২ থেকে পরপর তিনবার তিনি লোকসভার সদস্য নির্বাচিত হন। ২৪ পরগণা জেলার সঙ্গে বরাবরই তাঁর নিবিড় সংযোগ ছিল। ১৯৬২ সালে বারাসত লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন। ভারতীয় গণপরিষদের সদস্য হিসেবে মানুষের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তিনি বারবার গণপরিষদের সভায় বক্তব্য রেখেছিলেন।



                                                                         ‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন