Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সচিনকে টপকে ওয়ানডেতে দীর্ঘতম কেরিয়ারের বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলরের

World-record-of-Taylor

সমকালীন প্রতিবেদন : বিশ্বক্রিকেটে এককালের অধরা নজির ভেঙে নতুন ইতিহাস গড়লেন জিম্বাবোয়ের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন টেলর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে পেছনে ফেলে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে সবচেয়ে দীর্ঘতম কেরিয়ারের মালিক হলেন ৪০ বছর বয়সী এই তারকা। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার সঙ্গেই তৈরি হয় এই অনন্য ইতিহাস।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দিন খেলার বিশ্বরেকর্ড এত দিন পর্যন্ত ছিল 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকারের দখলেই। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আত্মপ্রকাশ করার পর ২০১২ সালের ১৮ মার্চ সেই পাকিস্তানের বিরুদ্ধেই শেষ ওয়ানডে খেলেন সচিন। অর্থাৎ তাঁর ওয়ানডে কেরিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ৯১ দিন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ২০৮তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ব্রেন্ডন টেলরের কেরিয়ারের স্থায়িত্ব গিয়ে দাঁড়াল ২২ বছর ১৪৮ দিনে। 

২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করা টেলর সচিনকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে তালিকার শীর্ষস্থান ছিনিয়ে নেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার সনৎ জয়সূর্য, যার কেরিয়ার ছিল ২১ বছর ১৮৪ দিনের। তবে কেরিয়ারের দৈর্ঘ্যে পিছিয়ে পড়লেও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান (১৮,৪২৬) এবং সর্বাধিক ম্যাচ খেলার (৪৬৩) অলঙ্ঘনীয় রেকর্ড এখনও সচিনের নামেই অক্ষত রয়েছে।

টেলরের এই বিশ্বরেকর্ড গড়ার সফর সহজ ছিল না। জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এই ব্যাটার ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছিলেন। কিন্তু তার পরেই তাঁর জীবনে নেমে আসে চরম অন্ধকার। ২০২২ সালের জানুয়ারিতে বিস্ফোরক দাবি করে টেলর জানান, ২০১৯ সালে তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং কোকেন খাইয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালানো হয়। 

নিজে গড়াপেটা না করলেও পরিবার ও নিজের নিরাপত্তার কথা ভেবে আইসিসি-র কাছে রিপোর্ট করতে বিলম্ব করায়, দুর্নীতি ও ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁকে সাড়ে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়। আইসিসি-র নির্বাসন পর্ব কাটিয়ে ২০২৫ সালে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেলর। তাঁর মূল লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, যার যৌথ আয়োজক হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে জিম্বাবোয়েও। 

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ৩৭টি টেস্ট ও ৫৯টি টি-টোয়েন্টি খেলা টেলরের ঝুলিতে রয়েছে জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ১১টি ওয়ানডে শতক ও ৬,৭০৪-এরও বেশি রান। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে বাইশ গজে ফিরে এসে সচিনের মতো মহাতারকার দীর্ঘতম কেরিয়ারের রেকর্ড ভেঙে দেওয়া আন্তর্জাতিক ক্রিকেটে এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে থাকবে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন