সমকালীন প্রতিবেদন : মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। ১৩ বছর বয়সে আইপিএলে নজর কাড়া থেকে শুরু করে ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক– প্রতিটি পদক্ষেপে চমক দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তবে এই প্রতিভাবান কিশোর যাতে দু-একদিন উজ্জ্বল থেকে হারিয়ে না যায়, বরং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মতো দীর্ঘ সময় দেশের স্তম্ভ হয়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে অভিনব ও অত্যন্ত সতর্ক পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত বিসিসিআইয়ের এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বৈভবকে নিয়ে বিশদে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব দেবজিৎ শইকীয়া, ভারতীয় টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক যথাক্রমে শুভমন গিল ও শ্রেয়স আয়ার, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং 'সেন্টার অফ এক্সেলেন্স'-এর প্রধান ভিভিএস লক্ষ্মণ।
বৈঠক শেষে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট জানান, বৈভবের ওপর অতিরিক্ত মানসিক বা শারীরিক ধকল না বাড়িয়ে তার সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই বৈভব বা তাঁর মতো প্রতিভাবান ক্রিকেটাররা সচিন তেন্ডুলকরের মতো দীর্ঘ সময় ধরে দেশের সেবা করুক। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রতিটি পদক্ষেপের ওপর আমরা কড়া নজর রাখছি। কোনো স্বল্পমেয়াদী সাফল্যের পেছনে না ছুটে, ওর শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপরই জোর দেওয়া হচ্ছে।”
আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফর্ম করার পর আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন বৈভব। ইংল্যান্ড সিরিজে কিছুটা লড়াই করতে হলেও, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে ১৫১ রান করে নিজের সক্ষমতা প্রমাণ করেন তিনি। সম্প্রতি দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ৮১ বলে ৯২ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে ইতিহাসের কনিষ্ঠতম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির নজির গড়েন তিনি।
প্রচণ্ড ম্যাচের চাপ ও ধকল এই খুদে তারকাকে ক্লান্ত করে ফেলছে। ইস্ট জোনের ম্যাচের পরেই তাঁর নাম রয়েছে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমসের ভারতীয় দলে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে তৈরি হওয়া আগামী দিনের ১০-১৫ জন তরুণ তুর্কির তালিকায় আপাতত শীর্ষেই রয়েছে বৈভব সূর্যবংশীর নাম।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন