সমকালীন প্রতিবেদন : একটি শিক্ষাপ্রতিষ্ঠান যে কেবল চারদেওয়ালের কাঠামো নয়, বরং ভালোবাসা ও আদর্শের এক পরম তীর্থক্ষেত্র, তা আরও একবার প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের অন্তর্গত পঁাচপোতা ভারাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মদন মোহন প্রধান।
কর্মজীবন থেকে অবসর নেওয়ার দীর্ঘ আঠাশ বছর পর আজও নিজের গড় তোলা বিদ্যায়তন এবং সেখানকার শিক্ষার্থীদের ভোলেননি তিনি। সম্প্রতি বিদ্যালয়ের মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে পাশে দাঁড়াতে নিজের সঞ্চিত অর্থ থেকে নগদ ৫ লক্ষ টাকার একটি ফান্ড প্রদান করেন এই প্রবীণ শিক্ষাগুরু।
বিদ্যালয় সূত্রে খবর, কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর আর্থিক বৃত্তি ও উৎসাহিত করার উদ্দেশ্যে গঠিত এই বিশেষ ট্রাস্ট ফান্ডের জন্য সম্প্রতি পাঁচ লক্ষ টাকার চেকটি তিনি বর্তমান প্রধান শিক্ষক তুষার বিশ্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। প্রধান শিক্ষক তুষার বাবু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই আর্থিক সাহায্য গ্রহণ করেন এবং জানান যে, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের এই অবদান আগামী দিনে বহু অভাবী অথচ মেধাবী শিক্ষার্থীর শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে সাহায্য করবে।
মদন মোহন বাবুর এই উদ্যোগে স্পষ্ট, চক-ডাস্টার হাতে থেকে ছুটে যাওয়া বা পেনশনের খাতায় নাম ওঠা মানেই কোনো শিক্ষকের সঙ্গে তাঁর বিদ্যায়তনের সম্পর্ক ছিন্ন হওয়া নয়। অবসরের এত বছর পর নিজের কষ্টার্জিত সঞ্চয় থেকে এত বিপুল অংকের টাকা বিদ্যায়তনের উদ্দেশ্যে দান করা তাঁর মহানুভবতা ও পেশার প্রতি অবিচল ভালোবাসাকেই তুলে ধরে। তাঁর এই অনুদান কেবল আর্থিক সাহায্য নয়, বরং শিক্ষার্থীদের আরও উঁচুতে পৌঁছানোর এক মহান প্রেরণা।
প্রতিষ্ঠান ও পড়ুয়াদের প্রতি তাঁর এই অভূতপূর্ব মানবিক পদক্ষেপের খবর ছড়িয়ে পড়তেই পঁাচপোতা ভারাডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, সাধারণ ছাত্রছাত্রী, অভিভাবকমণ্ডলী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকলেই একবাক্যে তাঁর এই বদান্যতার প্রশংসায় পঞ্চমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, মদন মোহন প্রধান মহোদয়ের এই মহান আদর্শ ও নিঃস্বার্থ ভালোবাসার মানসিকতা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কেবল ভালো ছাত্র নয়, বরং সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ দেখাবে। পঁাচপোতা ভারাডাঙ্গা স্কুলের ইতিহাসে তাঁর এই অনন্য অবদান চিরকাল পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন