Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি কর্মীদের রিলস-পোস্টে রাশ টানছে কেন্দ্র: আসছে ডিজিটাল নীতি ও 'এক ভারত' পোর্টাল

 

Social-media

সমকালীন প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি, ভিডিও পোস্ট এবং সংবেদনশীল বিষয়ে মতামত প্রকাশ এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে এবার সরকারি কর্মীদের এই অবাধ ডিজিটাল উপস্থিতিতে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা ও কাজের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের অপব্যবহার রুখতে একটি নির্দিষ্ট 'সোশ্যাল মিডিয়া কোড অব কনডাক্ট' বা আচরণবিধি চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

শীর্ষস্তরের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ আমলাদের এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে অনেক তরুণ আমলা ও সরকারি কর্মচারীকে ডিউটি চলাকালীন কিংবা নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ও ফেসবুকে আত্মপ্রচারমূলক রিলস ও পোস্ট করতে দেখা গেছে। 

কেন্দ্রের মতে, সরকারি পদের এরকম অতিরিক্ত আত্মপ্রচার একজন সরকারি সেবকের মর্যাদার পরিপন্থী। এতদিন সরকারি কর্মীদের সাধারণ সার্ভিস রুলস থাকলেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দিষ্ট কোনো স্পষ্ট নীতিমালা ছিল না, যা এবার কার্যকর হতে চলেছে। এই নিয়মাবলী চালু হলে তা পদমর্যাদা নির্বিশেষে সমস্ত স্তরের কর্মকর্তা ও কর্মীদের জন্য বাধ্যতামূলক হবে।

কেবল সরকারি কর্মীদের আচরণবিধিই নয়, সামগ্রিক ডিজিটাল মাধ্যমের নিরাপত্তায় আইটি নিয়মে বড় পরিবর্তন এনেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আদালত বা সরকারের নির্দেশ পাওয়ার পর বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৩ ঘণ্টা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিওতে স্পষ্ট লেবেলিং এবং ট্রেসেবল মেটাডেটা থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

আমলাদের সঙ্গে বৈঠকে প্রযুক্তি ভিত্তিক নাগরিক পরিষেবা আরও সহজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে দ্রুত “এক ভারত”  পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা মাত্র একটি ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করেই সরকারের সমস্ত ধরণের পরিষেবা সহজে গ্রহণ করতে পারবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন