সমকালীন প্রতিবেদন : অন্যের পরিচয়পত্র ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সক্রিয় করা সিম বিক্রি করা হচ্ছিল সাইবার অপরাধীদের কাছে। আর্থিক প্রতারণার একটি মামলার সূত্র ধরে এই আন্তঃজেলা সিম জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি বাগদা থানা এলাকার বেয়ারায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদার বেয়ারা বাজারে একটি মোবাইলের দোকান রয়েছে ধৃত মজনু মণ্ডলের। দোকানে আসা সাধারণ গ্রাহকেরা যখন নতুন সিম কার্ড কিনতে বা অ্যাক্টিভেট করতে বায়োমেট্রিক ও নথিপত্র দিতেন, তখন কৌশলে গ্রাহককে ভুল বুঝিয়ে বা প্রযুক্তিগত সমস্যার অজুহাত দেখিয়ে তাঁদের নামে অতিরিক্ত সিম তুলে নেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে নতুন সিম অ্যাক্টিভেট করা সত্ত্বেও গ্রাহককে তা না দিয়ে নিজের কাছে রেখে দিত মজনু। পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই সমস্ত সক্রিয় সিম কার্ড তুলে দেওয়া হতো বিভিন্ন সাইবার অপরাধী ও প্রতারক চক্রের হাতে।
সম্প্রতি বনগাঁ এলাকায় ঘটে যাওয়া একটি আর্থিক জালিয়াতির তদন্তে নামে সাইবার ক্রাইম থানা। সেই অপরাধে ব্যবহৃত একটি ভুয়ো নম্বরের উৎস খুঁজতে গিয়েই বাগদার এই মোবাইল দোকানের সন্ধান পান তদন্তকারীরা। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মজনু মণ্ডলকে গ্রেফতার করা হয়।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এখনো পর্যন্ত কতগুলি এমন ভুয়ো সিম বাজারে ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন