Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কেকেআরের নতুন অধিনায়কের দৌড়ে অনেকটা এগিয়ে রিঙ্কু সিং

 

Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : আসন্ন আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমীদের মনে তীব্র কৌতূহল কাজ করছিল। অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করায় নাইট শিবিরের নেতৃত্বের স্থানটি ফাঁকা হয়ে পড়েছিল। তবে ইউপি টি-টোয়েন্টি লিগে রিঙ্কু সিংয়ের হাত ধরে মিরাট মাভেরিক্সের চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাটি কেকেআর ম্যানেজমেন্টের চিন্তার বোঝা অনেকটাই হালকা করে দিল।

রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফলকনসকে ৯৪ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে খেতাব জয় করে রিঙ্কু সিংয়ের নেতৃত্বাধীন মিরাট মাভেরিক্স। পুরো টুর্নামেন্ট জুড়েই অধিনায়ক হিসেবে নিজের অসাধারণ ক্রিকেট মস্তিষ্কের পরিচয় দিয়েছেন তিনি। চলতি উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে তাঁর অধিনায়কত্বে খেলা ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে মিরাট। অর্থাৎ, অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের হার ৯০ শতাংশ, যা এক কথায় দুর্দান্ত। 

জাতীয় দলে সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও একাদশে নিয়মিত সুযোগ পাননি রিঙ্কু। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর এই অসাধারণ নেতৃত্ব দেওয়ার দক্ষতা ফের একবার তাঁর ভাগ্য বদলের ইঙ্গিত দিচ্ছে। ২০১৮ সালে কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে অভিষেকের পর থেকে গত ৮ বছর ধরে নাইটদের পরিবারের সঙ্গে রিঙ্কুর সম্পর্ক অত্যন্ত গভীর। গত ২০২৬ আইপিএল মরশুমে তিনি দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন এবং ব্যাট হাতে কেকেআরের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন। 

কলকাতার হয়ে এ পর্যন্ত ৭৩টি ম্যাচে ১,৩৯৪ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ব্যাটার। ২০২৩ সালের আইপিএলে আমেদাবাদের মাটিতে যশ দয়ালকে শেষ ওভারের টানা ৫টি বলে ৫টি ছক্কা হাঁকিয়ে অলৌকিক জয় ছিনিয়ে নেওয়ার স্মৃতি আজও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে টাটকা। কেবল একজন বিধ্বংসী ফিনিশার হিসেবেই নয়, দলনায়ক হিসেবেও সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে সঠিক সমন্বয় রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে তিনি সমান পারদর্শী, তা তিনি এই ট্রফি জিতে প্রমাণ করে দিলেন।

সমর্থকদের প্রিয় ‘কলকাতার ঘরের ছেলে’ রিঙ্কু সিং দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজির প্রতি নিষ্ঠা দেখিয়ে আসছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অন্য কোনো বড় নামের পেছনে না গিয়ে শাহরুখ খানের দল যদি রিঙ্কু সিংয়ের ওপর ভরসা রাখে, তবে তা দলের জন্য দীর্ঘমেয়াদী সাফল্য আনবে। ইউপি লিগে ট্রফি জয়ের পর এখন আগামী আইপিএলে কেকেআরের অধিনায়ক হিসেবে তাঁর মাথায় মুকুট ওঠার বিষয়টি কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন