Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এসবিআই গ্রাহকদের জন্য বড় স্বস্তি! এটিএমে ‌লাগবে না অতিরিক্ত চার্জ

 

ATM-charge

সমকালীন প্রতিবেদন : আসন্ন উৎসবের মরসুমে টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের কারণে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে একাধিক ব্যাঙ্ক কর্মী সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে। তবে এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধর্মঘটের দিনগুলিতে এটিএম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসবিআই সূত্রে জানা গেছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন এসবিআই গ্রাহকরা অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এবং নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলেও অতিরিক্ত এটিএম লেনদেনের চার্জ দিতে হবে না। ফলে শাখাগুলি বন্ধ বা পরিষেবা সীমিত থাকলেও নগদ টাকার প্রয়োজন মেটাতে গ্রাহকদের বড় সমস্যায় পড়তে হবে না। ধর্মঘট চলাকালীন এটিএম পরিষেবা সচল রাখার পাশাপাশি অতিরিক্ত চার্জ মকুবের এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা বলেই মনে করা হচ্ছে।

ব্যাঙ্ক কর্মীদের একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে টানা দু’দিন সাপ্তাহিক ছুটির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এর আগে ১১ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘট পালন করা হয়েছিল। এবার মাসের শেষদিকে পরপর তিন দিন ধর্মঘটের ডাক দেওয়ায় ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী এবং যাঁদের নিয়মিত ব্যাঙ্কে গিয়ে কাজ করতে হয়, তাঁদের মধ্যে পরিষেবা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে জরুরি ব্যাঙ্কিং কাজগুলি আগেভাগে সম্পন্ন করার সুযোগ দিতে সপ্তাহান্তেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ধর্মঘট শুরুর আগে গ্রাহকদের প্রয়োজনীয় শাখাভিত্তিক কাজ সেরে নেওয়ার সুযোগ থাকছে।

তবে ব্যাঙ্ক শাখায় কর্মী-ঘাটতি বা পরিষেবা ব্যাহত হলেও ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। ধর্মঘটের দিনগুলিতেও এসবিআইয়ের অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মতো ডিজিটাল পরিষেবা স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি, ঋণ সংক্রান্ত কাজ বা অন্যান্য এমন পরিষেবা, যেগুলির জন্য সরাসরি ব্যাঙ্কের শাখায় উপস্থিত হওয়া প্রয়োজন, সেগুলি ধর্মঘট শুরুর আগেই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে ২৮ সেপ্টেম্বরের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও শাখাভিত্তিক লেনদেন সম্পন্ন করে রাখলে ধর্মঘটের সময়ে সমস্যার সম্ভাবনা অনেকটাই কমবে।

উৎসবের মরসুমে সাধারণ মানুষের কেনাকাটা ও ব্যবসায়িক লেনদেন বেড়ে যায়। সেই সময় তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এসবিআইয়ের এটিএম চার্জ মকুব এবং ডিজিটাল পরিষেবা সচল রাখার সিদ্ধান্তে তা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন