সমকালীন প্রতিবেদন : ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলা এই মেগা টুর্নামেন্টকেই দেশের হয়ে নিজের শেষ ওডিআই বিশ্বকাপ হিসেবে চিহ্নিত করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে, গত বিশ্বকাপের ফাইনালের অধরা ট্রফি হাতছাড়ার আক্ষেপ মেটাতে উন্মুখ হয়ে রয়েছেন রোহিত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে এই মেগা টুর্নামেন্টকে কেন্দ্র করে নিজেদের ভাবনা ও প্রস্তুতির কথা ভাগ করে নেন ভারতের এই দুই অভিজ্ঞ তারকা।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটিমাত্র ফরম্যাটে মনোযোগ দেওয়া ৩৭ বছর বয়সী বিরাট কোহলি স্পষ্ট জানান, ২০২৭ বিশ্বকাপই ভারতীয় জার্সিতে তাঁর শেষ সুযোগ। তাই দেশকে বিশ্বজয়ের ট্রফি উপহার দিতে নিজের সর্বস্ব নিংড়ে দিতে তিনি প্রস্তুত। বিরাটের কথায়, ৫০ ওভারের টুর্নামেন্ট শরীর ও মন– দুই দিক থেকেই ক্রিকেটারদের বড় পরীক্ষার মুখে ফেলে।
টি-টোয়েন্টির যুগে একদিনের ম্যাচে সেই তীব্রতা ধরে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, একটি ওডিআই ম্যাচ খেলার অর্থ হল একদিনে প্রায় আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান পরিশ্রম করা। বিদেশের মাটিতে টানা ১০টি ম্যাচে এমন মানসিক একাগ্রতা ও শারীরিক ফিটনেস বজায় রেখে সেরা পারফরম্যান্স বজায় রাখাটাই এখন তাঁর মূল মন্ত্র। বিশ্বকাপের ইতিহাসে ভারতের অন্যতম সফল ব্যাটার কোহলি এখনও পর্যন্ত ৩৭টি ম্যাচে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ১২টি অর্ধশতরান।
সব মিলিয়ে ৩০২টি একদিনের ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ১৪,৯৪১ রান ও ৫৪টি সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৩৫ ম্যাচে ১,২৯২ রান ও সর্বাধিক ১৫টি অর্ধশতরান করার পাশাপাশি দু'বার 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' হয়েছেন তিনি। তবে এই সমস্ত পরিসংখ্যানকে পেছনে ফেলে বিরাটের কাছে এখন একটাই বড় অনুপ্রেরণা বিশ্বকাপ জয়।
অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর ভেতর ট্রফি জেতার খিদে এখনও ফুরিয়ে যায়নি। গত বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত বুলেটের মতো বিঁধে রয়েছে তাঁর মনে। রোহিত জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তিনি নিজেকে শেষ হয়ে যেতে দিতে চান না। বিশ্বকাপ মানেই আইসিসির এক অনন্য মঞ্চ, যেখানে বিভিন্ন ভেন্যুতে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি নতুন মেজাজে নিজেকে তৈরি করছেন।
বয়স ও ফিটনেসের সমীকরণ অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের সময় কোহলির বয়স দাঁড়াবে ৩৯-এর কোঠায়। তাই পরের মেগা ইভেন্ট যে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে, তা নিয়ে কোনও দ্বিধা নেই তারকা ব্যাটারের। অধরা ট্রফি ছুঁয়ে দেখার একমাত্র লক্ষ্য বুকে নিয়ে ভারতীয় দলের এই দুই মহাতারকা এখন থেকেই সেরাটা দেওয়ার অঙ্গীকারে নামছেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন