Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মদের দোকান হঠাতে সরব মতুয়ারা: হেলেঞ্চা বাজারে দীর্ঘ সময় ধরে পথ অবরোধ

 

Liquor-shop

সমকালীন প্রতিবেদন : এলাকায় মদের দোকান চালু রাখা নিয়ে ক্ষোভের আগুন জ্বললো বাগদায়। পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মদ বিক্রির বিরুদ্ধে এবং অবিলম্বে সেই দোকান পাকাপাকিভাবে বন্ধের দাবিতে এবার রাস্তায় নামল মতুয়া সমাজ। শুক্রবার বাগদা থানার সামনে ও সংলগ্ন হেলেঞ্চা বাজারে টানা প্রায় ঘণ্টা দুয়েক পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান মতুয়া ভক্তরা। অবরোধের জেরে ব্যস্ততম ওই সড়কে সমস্ত ধরণের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে, তৈরি হয় মারাত্মক যানজট।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার মূল সড়কের পাশেই অবস্থিত ওই মদের দোকানটি। মতুয়া ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ, লোকালয়ে এই দোকানটি গড়ে ওঠায় সমগ্র অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিত্যদিন মদ্যপ যুবকদের অবাধ যাতায়াত, অসংলগ্ন আচরণ ও দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচলতি মানুষ। 

শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি ও বাইক চালানোর ফলে এলাকায় পথদুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। উল্লেখ্য, এই মদের দোকানটিকে কেন্দ্র করে তৈরি হওয়া জনরোষ নতুন নয়। দিনকয়েক আগেই দোকানটি বন্ধের দাবিতে এলাকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পথ অবরোধ করেছিলেন। 

সেই সময়ে উত্তেজিত জনতার একাংশের বিরুদ্ধে মদের দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। ঘটনার পর প্রশাসনিক চাপে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দোকানটি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু কিছুদিন কাটার পর সম্প্রতি হঠাৎ করেই ফের দোকানটি চালু করে দেওয়া হয়। বন্ধ হওয়া দোকান পুনরায় খুলে দেওয়ার ঘটনাতেই ক্ষোভের পারদ নতুন করে চড়তে থাকে।

এদিনের আন্দোলনে অংশগ্রহণকারী মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বসতি এলাকা ও পঞ্চায়েতের কাছে এই ধরণের মদের দোকান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মদ বিক্রির কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এই দোকানটিকে সম্পূর্ণরূপে বন্ধ বা অন্যত্র সরিয়ে নেওয়ার লিখিত আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না। 

পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে শেষপর্যন্ত অবরোধ উঠলেও, দ্রুত কোনো স্থায়ী সমাধান না মিললে আগামীদিনে আরও বড়সড় গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।‌ স্থানীয়দের আশা, জনস্বার্থে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন