Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বুমরার দীর্ঘ রাজত্বের অবসান: শীর্ষস্থানে স্টার্ক, উন্নতি পন্থ ও কামিন্সের

 ‌

ICC-Test-Ranking

সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে অবশেষে কাঙ্ক্ষিত শীর্ষস্থান অর্জন করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আইসিসি-র সর্বশেষ প্রকাশিত টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিনের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে এসেছেন ৩৬ বছর বয়সী এই অজি বাঁহাতি পেসার। 

২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে টানা টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন ভারতের বুমরা। তবে চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে বুমরা ছিটকে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ১ নম্বর বোলারের মুকুট মাথায় তুললেন স্টার্ক।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাকেতে বাঁহাতি পেসের অসামান্য প্রদর্শনী দেখান স্টার্ক। অজিদের এক ইনিংস ও ৫১ রানে জয়ের এই ম্যাচে একাই ১০টি উইকেট তুলে নেন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট, যার সূচনা হয়েছিল ম্যাচের প্রথম বলেই শাহদমান ইসলামকে শূন্য রানে বোল্ড করার মাধ্যমে। 

পুরো ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ৮৭২ পয়েন্ট অর্জন করে আইসিসি টেস্ট বোলিং তালিকায় দুই ধাপ লাফিয়ে এক নম্বরে উঠে আসেন তিনি। এর ফলে বুমরা নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে এবং নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি রয়েছেন তৃতীয় স্থানে।

অস্ট্রেলিয়া দল হিসেবেও বোলারদের তালিকায় আধিপত্য বিস্তার করেছে। অজি অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচে ৬ উইকেট নিয়ে এক ধাপ উঠে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। 

অন্যদিকে, অফ-স্পিনার নেথান লায়ন দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা দশের ১০ নম্বর স্থানে। ইংল্যান্ডের পেসাররাও পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করে বড় লাফ দিয়েছেন– অলি রবিনসন ১৫ ধাপ উঠে ১১ নম্বরে এবং জশ টং ১৬ ধাপ এগিয়ে ১৭ নম্বরে পৌঁছেছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিশেষ কোনো রদবদল হয়নি। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং দ্বিতীয় স্থানে তাঁর সতীর্থ জো রুট। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড। 

তবে ব্যাটারদের তালিকায় সবচেয়ে নজরকাড়া উন্নতি করেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে আয়োজিত টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর আগ্রাসী ৬৬ রানের ইনিংসের ওপর ভর করে তিনি ছ’ধাপ লাফিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। ফলে শুভমন গিল ও অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনের সঙ্গে যৌথভাবে ৭১১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছেন পন্থ।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন