সমকালীন প্রতিবেদন : বনগাঁর কাঁঠালতলা স্পোর্টিং ক্লাব সংলগ্ন দুটি ভাড়া দেওয়া ঘর থেকে বিপুল পরিমাণ বেআইনি গ্যাসের সিলিন্ডার এবং গ্যাস রিফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোট ১৪টি গ্যাসের সিলিন্ডার, যার মধ্যে ৪টি ভর্তি এবং ১০টি খালি। এছাড়াও বিভিন্ন গ্যাস চালিত গাড়িতে বেআইনিভাবে গ্যাস ভরার মেশিন, ওজন মাপার যন্ত্রসহ একাধিক সন্দেহজনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ মাস আগে ক্লাবের পিছনের অব্যবহৃত দুটি ঘর চুক্তিপত্র (অ্যাগ্রিমেন্ট) করে মিঠুন রায় নামের এক স্থানীয় ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ওই ব্যক্তি বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করেন ক্লাব সদস্যরা। এরপরই তাঁকে দ্রুত ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ, ঘর খালি করলেও মিঠুন রায় তার কিছু জিনিসপত্র কয়েকদিনের জন্য সেখানে রেখে দেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ক্লাব কর্মকর্তারা তার সঙ্গে বারবার যোগাযোগ করে সামগ্রীগুলি সরিয়ে নিতে বললে তিনি কেবল সময় চেয়ে নিচ্ছিলেন।
ঘটনার মোড় ঘোরে বুধবার সকালে। হঠাৎই এক ব্যক্তি ক্লাবে এসে কর্তাদের জানান যে, পিছনের বন্ধ ঘর দুটিতে বিপুল পরিমাণ গ্যাসের সিলিন্ডার জমা রাখা আছে। খবর পাওয়া মাত্রই ক্লাব সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় থানায় খবর দেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে ঘরগুলির তালা ভাঙেন। দরজা খুলতেই ভেতরে থরে থরে সাজানো একাধিক সিলিন্ডার এবং গ্যাসে গাড়ি রিফিল করার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পাওয়া যায়।
এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও গ্যাস সিলিন্ডার মজুত রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই বেআইনি গ্যাস কারবারের নেপথ্যে মূল অভিযুক্ত মিঠুন রায়ের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন