Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সব লড়াই পেরিয়ে এবার বিশ্বসেরা ঈশান কিষান

 ‌

World-class-Ishan-Kishan

সমকালীন প্রতিবেদন : এক সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও ছেঁটে ফেলা হয়েছিল তাঁর নাম। একদা টিম ম্যানেজমেন্টের অবাধ্যতার তকমা সেঁটে যাওয়া সেই ঈশান কিষানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গিয়েছিল। কিন্তু হাল না ছেড়ে পিচ কামড়ে পড়ে থাকার পুরস্কার অবশেষে পেলেন এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার। 

আড়াই বছরের নির্বাসন পেরিয়ে জাতীয় দলে রাজকীয় প্রত্যাবর্তনের পর, এবার সরাসরি ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্বসেরার মুকুট মাথায় তুললেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের নেপথ্যে থাকা ঈশান আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। সতীর্থ অভিষেক শর্মাকে টপকে ক্রিকেটের এই ফরম্যাটে এক নম্বর জায়গাটি ছিনিয়ে নিলেন তিনি।

আইসিসি-র পক্ষ থেকে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই একঝাঁক চমকপ্রদ পরিবর্তন লক্ষ্য করা গেছে। আয়ারল্যান্ড সিরিজের পর টি-২০ তালিকায় যেমন বিরাট রদবদল হয়েছে, তেমনই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়েছেন ইংরেজ তারকা জো রুট। তবে সব আলো কেড়ে নিয়েছেন ঈশান। ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ভারতীয় পুরুষ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে বসার নজির গড়লেন তিনি। 

এর আগে কেবল বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আইসিসি-র সর্বশেষ তালিকা অনুযায়ী, ঈশান কিষান কেরিয়ারের সেরা ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, বিগত প্রায় এক বছর ধরে শীর্ষস্থান ধরে রাখা ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা ৬ রেটিং পয়েন্ট হারিয়ে ৮৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। তবে এই র‌্যাঙ্কিংয়ের সাম্প্রতিক পরিবর্তন ক্রিকেটপ্রেমীদের কিছুটা অবাক করেছে। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ঈশান মাত্র ১৩ রান করেছিলেন, যেখানে অভিষেক করেছিলেন ৪৯ রান। তা সত্ত্বেও বিশ্বকাপের অতিমানবীয় পারফর্ম্যান্সের গড় রেটিংয়ের ওপর ভিত্তি করেই অভিষেককে টপকে যান ঈশান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালিয়েছিলেন ঈশান। টুর্নামেন্টে খেলা ৯টি ম্যাচে ৩৫.২২ গড়ে তিনি মোট ৩১৭ রান সংগ্রহ করেন। 

তবে সবচেয়ে নজরকাড়া ছিল তাঁর স্ট্রাইক রেট, যা ছিল প্রায় ১৯৪-এর কাছাকাছি। বিশ্বকাপের আসরে মোট ১৮টি ছক্কা ও ৩৩টি চার মারেন তিনি। ওপেনিংয়ে নেমে নামিবিয়ার বিরুদ্ধে ২৪ বলে ৬১, পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে ৪০ বলে ৭৭ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা নিয়েছিলেন এই ব্যাটার। 

আইসিসি-র এই নতুন র‌্যাঙ্কিং ভারতীয় ক্রিকেট শিবিরের জন্য আরও একটি দারুণ সুখবর বয়ে এনেছে। দলের অধিনায়ক শুভমন গিল টেস্ট এবং ওয়ানডে– দুই ফরম্যাটেই র‌্যাঙ্কিংয়ের তালিকায় বড়সড় উন্নতি করেছেন। এদিকে, আজ ১ জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। 

আর এই হাই-প্রোফাইল ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগেই বিশ্বসেরা হওয়ার সুখবরটি পেলেন ঈশান কিষান। ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই স্বীকৃতি ঈশানের আত্মবিশ্বাস যে বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। তবে শীর্ষস্থান পুনর্দখল করার লড়াইয়ে নামবেন অভিষেক শর্মাও। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই কড়া প্রতিযোগী সতীর্থের র‌্যাঙ্কিংয়ের ইঁদুরদৌড়ও উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন