সমকালীন প্রতিবেদন : দীর্ঘ ৩৬ দিন জেল হেফাজতে কাটানোর পর জামিনে মুক্তি পেয়েই ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরছেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, হুমকি এবং ব্যক্তিগত ছবি ফাঁসের মতো গুরুতর অভিযোগ ওঠার পর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে আদালত থেকে জামিন মিলতেই আইনি লড়াইয়ের মাঝেই তাঁর মাঠে ফেরার পথ প্রশস্ত হলো।
আগামী মাসের শুরুতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলা দলে স্থান পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই আইপিএল তারকা। এক মেডিকেল পড়ুয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৩ জুন হুগলির মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তরুণীর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা ছাড়াও পরবর্তীতে তাঁকে ভয় দেখানো এবং আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিষেক এই সমস্ত অভিযোগ অস্বীকার করলেও, ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১১ আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। চুঁচুড়া আদালতে তোলা হলে প্রথমে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি এক মাসেরও বেশি সময় জেল হেফাজতে থাকেন। গত ১৮ সেপ্টেম্বর চুঁচুড়া আদালত থেকে শেষ পর্যন্ত জামিন পান তিনি।
জামিন পাওয়ার কয়েক দিনের মধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাঁকে জাতীয় প্রতিযোগিতার প্রস্তুতি স্কোয়াডে অন্তর্ভুক্ত করায় তাঁর ক্রিকেট ক্যারিয়ারে প্রত্যাবর্তন নিশ্চিত হলো। ঘরোয়া মরশুম শুরুর আগে কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচই ভারী বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় বাংলা দল লাল বলের অনুশীলনের বিকল্প হিসেবে গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২ থেকে ৫ অক্টোবর অসমের বিরুদ্ধে এই চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে ৩০ সেপ্টেম্বর সুদীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন ১৬ জনের দল কলকাতা ছাড়বে এবং ৬ অক্টোবর ফিরে আসবে। আগামী ১১ অক্টোবর কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরু করার আগে এই ম্যাচটিকেই চূড়ান্ত মহড়া হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তুতি ম্যাচে কোচ লক্ষ্মীরতন শুক্লাকে পাচ্ছে না বাংলা, কারণ তিনি বর্তমানে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের দায়িত্বে ব্যস্ত থাকবেন। ঘোষিত দলে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, আমির গনি, ঈশান পোড়েল এবং জাতীয় তারকা মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। উইকেটকিপার হিসেবে অভিষেকের সঙ্গে রাখা হয়েছে শাকির হাবিব গান্ধীকেও।
২০২৬ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার পর এটিই হতে চলেছে অভিষেকের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। আইনি প্রক্রিয়া ও ফৌজদারি মামলার জট বজায় থাকলেও প্রথম একাদশে সুযোগ পেয়ে তিনি ব্যাটে-বলে নিজের ফর্ম ফিরে পান কি না, এখন সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন