Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দক্ষিণবঙ্গে চেনা ফর্মে বর্ষা: আজ থেকে টানা ৭ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ঝড়ের সতর্কতা

 

Forecast-of-heavy-rain

সমকালীন প্রতিবেদন : তীব্র দাবদাহ আর অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই টানা সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা সবচেয়ে 'অ্যাক্টিভ' বা সক্রিয় রূপে আত্মপ্রকাশ করবে। এই তিন দিন জেলাভেদে ৭ থেকে ১১ সেন্টিমিটার এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ৫৫ কিলোমিটারে। একটানা এই প্রবল বর্ষণের জেরে কলকাতার নিচু এলাকা এবং দক্ষিণবঙ্গের গ্রামীণ অঞ্চলের বেশ কিছু জায়গায় জল জমা বা সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এক নজরে আগামী সপ্তাহের আবহাওয়ার খতিয়ান:

২ জুলাই (বৃহস্পতিবার): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩ জুলাই (শুক্রবার): গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা আরও কিছুটা সক্রিয় হবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধি পাবে।

৪ থেকে ৬ জুলাই (শনিবার থেকে সোমবার): এই তিন দিন দক্ষিণবঙ্গের জন্য সবথেকে বেশি সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল বা কমলা সতর্কতা থাকবে।

৭ থেকে ৯ জুলাই (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার): সপ্তাহের শেষের দিকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পুরোপুরি থামছে না। ভারী বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। এই পরিস্থিতিতে আগামী এক সপ্তাহ কলকতানিবাসীদের ছাতা ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ৪, ৫ এবং ৬ জুলাই তিলোত্তমায় প্রবল বর্ষণ এবং ঝোড়ো হাওয়ার কারণে অফিস টাইমে যানজট ও জল জমার সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।

অন্যদিকে, স্থলভাগের পাশাপাশি সমুদ্রের জন্যও কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। উত্তাল সমুদ্রের কারণে এই দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন