সমকালীন প্রতিবেদন : বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি সোমবার সকালেই শক্তিবৃদ্ধি করে ‘অতি গভীর নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই সিস্টেমটি ওড়িশার বালাসোর/চাঁদবালি এবং পশ্চিমবঙ্গের ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। একই সঙ্গে রাজস্থানের নিম্নচাপ অঞ্চল থেকে জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার এই অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরে আগামী দু'দিন রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। তবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকবে। সোমবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু অঞ্চলে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
মঙ্গলবারেও পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টি চলতে পারে। উপকূলীয় এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারেও এই গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। বুধ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য নতুন করে ঝড়-বৃষ্টির বড় কোনো সতর্কবার্তা নেই।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির মুখ দেখতে চলেছে উত্তরবঙ্গ। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সূচনা হবে। বুধবারে এই তিন জেলার সাথে আলিপুরদুয়ারও যুক্ত হবে। বৃহস্পতিবার ও শনিবার উত্তরের ওপরের ৫টি জেলাতেই– দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার– এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
রাজধানী কলকাতায় আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার ও মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে কলকাতায় বৃষ্টি কমে আসবে।
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন সমুদ্র এলাকা অত্যন্ত উত্তাল রয়েছে। সমুদ্রপৃষ্ঠে বাতাসের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাওয়া অফিসের পক্ষ থেকে মৎস্যজীবীদের ২৮ জুলাই, মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন