সমকালীন প্রতিবেদন : রাজ্যে জলবায়ুর মতিগতি ফের বদলাতে শুরু করেছে। সক্রিয় মৌসুমি বায়ুর পাশাপাশি বঙ্গোপসাগর ও আরব সাগরের জোড়া বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ– উভয় অঞ্চলেই আবহাওয়ার ব্যাপক রদবদল লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের ফলে চলতি সপ্তাহের মধ্যভাগ থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির তোড়জোর বাড়ছে।
এই ঘূর্ণাবর্তটি থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত থাকায় দক্ষিণ ও উত্তর– উভয় বঙ্গেই দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। মূলত আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে প্রায় সবকটি জেলা। বিশেষ করে উপকূলবর্তী ও পূর্ব দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।
শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও বাঁকুড়া– এই জেলাগুলোতে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়াতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি অঞ্চলভেদে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও আশঙ্কা রয়েছে।
মহানগরী কলকাতায় মূলত আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে এক-দুই পশলা হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। উলটোরথের দিনটিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর পরিবেশ পুরোপুরি কাটছে না। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা থাকার কারণে বৃষ্টি থামলেই আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির নতুন কোনো সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সপ্তাহের শেষভাগে সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বর্ষণের পূর্বাভাস থাকলেও সপ্তাহান্তে অর্থাৎ রবিবার থেকে সেখানে বৃষ্টির দাপট ফের বৃদ্ধি পাবে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকের জেলাগুলোতে আপাতত কেবল বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টি হতে পারে।
রবিবার থেকে উত্তরবঙ্গে পুনর্দফায় ভারী বর্ষণের পর্ব শুরু হবে, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। রবিবার পাহাড়ি ও পাদদেশীয় অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির পরিধি আরও কিছুটা প্রসারিত হবে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহার জেলাতেও ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা থাকবে। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন