সমকালীন প্রতিবেদন : ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনার মাঝেই বিশ্ব ক্রিকেট মহলে এক বিরাট চমক দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের প্রথম গ্লোবাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমেরিকার মাটিতে নিজেদের আস্ত এক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করে ফেলল নাইট রাইডার্স গ্রুপ। ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে নির্মিত এই ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর প্রথম ঝলক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এলএকেআর) ও ওয়াশিংটন ফ্রিডমের মধ্যকার ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল এই নতুন ভেন্যু।
ফ্র্যাঞ্চাইজির এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত প্রধান মালিক শাহরুখ খান এক্স হ্যান্ডেলে (টুইটার) বার্তা দিয়ে লিখেছেন, “একদিন যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা সত্যি হল।” আমেরিকার বুকে ক্রিকেটের স্থায়ী পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এটি এক বিশাল পদক্ষেপ। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ মার্কিন মুলুকে আয়োজিত হওয়ার পর থেকেই সেদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা বাড়ছিল। সেই জোয়ারকে কাজে লাগিয়ে কেকেআর ম্যানেজমেন্টকে স্টেডিয়াম নির্মাণের জন্য জমি দেয় মার্কিন প্রশাসন।
সব আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি এই স্টেডিয়ামের মূল স্কোয়্যারে রয়েছে আটটি উন্নতমানের উইকেট। নৈশকালীন ম্যাচের জন্য বসানো হয়েছে ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়ামটি নির্মাণের সময় প্রায় ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি সরানো হয়েছে বলে জানা গেছে। মাঠের ঠিক পিছনের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য স্টেডিয়ামটির রূপ আরও বাড়িয়ে দিয়েছে।
কেকেআর-এর এই স্টেডিয়াম শুধু ফ্র্যাঞ্চাইজি লিগের জন্যই নয়, বিশ্ব ক্রীড়ার ইতিহাসেও এক অনন্য অধ্যায় সৃষ্টি করতে চলেছে। জানা গেছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলি এই মাঠেই অনুষ্ঠিত হবে। অলিম্পিকের আসরে টিম ইন্ডিয়া এই কেকেআরের তৈরি স্টেডিয়ামেই সোনা জয়ের লক্ষ্যে খেলতে নামবে।
নতুন স্টেডিয়ামের একটি বিশেষ ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান, যেখানে সুনীল নারিনসহ কেকেআর তারকাদের মাঠটি ঘুরে দেখতে দেখা গেছে। স্টেডিয়াম তৈরির নেপথ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহের ভূমিকার কথা উল্লেখ করে তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন শাহরুখ। তিনি লেখেন, “আমরা সকলে একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম, সেটা আজ সত্যি হল। এই মাঠ স্রেফ খেলা নয়, সারাজীবনের স্মৃতির ভূমি হয়ে থাকবে।”
একই সাথে ইনস্টাগ্রামে নিজের আবেগ প্রকাশ করে কিং খান লেখেন, “ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে শুধু একটি ক্রিকেট স্টেডিয়াম নয়, এমন একটি জায়গা গড়ে উঠেছে যা একসঙ্গে আনন্দ, উদ্দীপনা এবং বিনোদনকে উদযাপন করবে।” এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি জয় শাহ, আইসিসি এবং সংযোগ গুপ্তাকেও বিশেষ ধন্যবাদ জানান। প্রতিবেদনের শেষে নাইটদের সেই চেনা স্লোগান মনে করিয়ে দিয়ে তিনি বিশ্বজুড়ে সমস্ত ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে বলেন, “বিলিভ ইন পার্পল অ্যান্ড গোল্ড।”








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন