Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাগদার দুই ক্ষুদে প্রতিভা

 ‌

International-Yoga-Competition

সমকালীন প্রতিবেদন : ক্রীড়াক্ষেত্রে ফের সাফল্যের নতুন পালক জুড়ল বাগদার মুকুটে। কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৭ ভারতীয় মহিলা ফুটবল দলে ডাক পেয়ে বাগদার মেয়ে পায়েল এলাকায় সাড়া ফেলেছিলেন। এবার সেই একই মাটি থেকে উঠে এল আরও দুই ক্ষুদে প্রতিভা। তবে ফুটবল নয়, এবার যোগাসনের বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বাগদার দুই শিশু।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। আর সেই মর্যাদাপূর্ণ মঞ্চেই ভারতের জার্সি গায়ে চাপিয়ে নামতে চলেছে সাত বছরের পিয়ূষ মণ্ডল এবং বারো বছরের দেবা বিশ্বাস। প্রথম শ্রেণির ছাত্র পিয়ূষ অংশ নেবে সাব-জুনিয়র গ্রুপ 'এ' বিভাগে। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির ছাত্র দেবা লড়বে সাব-জুনিয়র গ্রুপ 'বি' বিভাগে।

তবে আন্তর্জাতিক এই আঙিনায় পৌঁছানোর লড়াইটা মোটেও মসৃণ ছিল না তাদের জন্য। দুটি শিশুই অত্যন্ত সাধারণ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে এসেছে। ফলে বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিপুল খরচ বহন করা তাদের পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। স্বপ্নপূরণের মাঝেই যখন দেখা দিয়েছিল চরম অনিশ্চয়তা, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন বাগদার বিধায়ক তথা মতুয়া মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর।

খবর পেয়েই এই দুই ক্ষুদে প্রতিভার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আজ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পিয়ূষ ও দেবা-কে বিশেষ সংবর্ধনা জানান বিধায়ক। এর পাশাপাশি তাদের থাইল্যান্ডে যাওয়ার খরচ বাবদ আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে (মোট ১ লক্ষ টাকা) তুলে দেন তিনি।

এব্যাপারে বিধায়ক সোমা ঠাকুর জানান, '‌বিধায়ক হিসেবে সম্বর্ধনা নেওয়ার থেকে এই ধরনের সামাজিক কাজে অংশ নিতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এর আগেও মাতৃ সেনা অনেকরকম সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছে। আজ নিজের বিধানসভা এলাকার দুই ছোট্ট প্রতিভাধরের পাশে থাকতে পেরে ভালো চাগছে। তাদের সাফল্য কামনা করি।'

বিধায়কের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েছে দুই শিশুর পরিবার। সমস্ত বাধা কাটিয়ে এবার লক্ষ্য কেবল থাইল্যান্ডের মাটিতে ভারতের তেরঙ্গা ওড়ানো। এখন গোটা বাগদাবাসী চাতক পাখির মতো চেয়ে রয়েছে সেপ্টেম্বরের দিকে, ঘরের দুই ছেলে যেন আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নতুন ইতিহাস লিখে দেশে ফেরে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন