Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লর্ডসে কি ‘রোহিত যুগ’-এর অবসান? বোর্ডের চরম বার্তায় ওয়ানডে ক্রিকেট থেকেও হিটম্যানের বিদায়ের জোরালো জল্পনা

 ‌

Farewell-of-Rohit

সমকালীন প্রতিবেদন : ক্রিকেটের মক্কা লর্ডসে রবিবার ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় তথা নির্ণায়ক ওয়ানডে ম্যাচ। তবে এই ম্যাচটি কেবল সিরিজের ভাগ্য নির্ধারণের লড়াই নয়, বরং ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তির সাক্ষী হতে চলেছে বলে জোর গুঞ্জন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, রবিবারই হয়তো নীল জার্সিতে জীবনের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে নামছেন ৩৯ বছর বয়সি কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মা।

বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচন কমিটি নাকি ইতিমধ্যেই ‘হিটম্যান’কে তাঁর ভবিষ্যৎ এবং তাঁকে আর দলে না রাখার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। গত সপ্তাহে নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মাকে নিয়ে নির্বাচকেরা একটি বিশেষ বৈঠকে বসেন। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় যে, ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপকে পাখির চোখ করে এখন থেকেই যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাদের ওয়ানডে দলে পর্যাপ্ত সুযোগ দিতে চান তাঁরা। ৩৯ বছর বয়সি রোহিতকে নির্বাচকেরা যে আগামী বিশ্বকাপের পরিকল্পনায় রাখছেন না, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে তাঁকে সম্মানজনকভাবে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

২০২৪ সালে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পরই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। এরপর গত বছরের মে মাসে ইংল্যান্ড সফরের প্রাক্কালে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান তিনি। বর্তমানে তিনি ভারতের হয়ে কেবল একদিনের আন্তর্জাতিক ম্যাচই খেলছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে তাঁর সাম্প্রতিক ফর্ম টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের চরম উদ্বেগে ফেলেছে। 

সিরিজের শেষ দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে মাত্র ১১ এবং ২৬ রান। তরুণ শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতেও কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারছেন না তিনি। অন্যদিকে, প্রথম ম্যাচে ব্যর্থ হলেও কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে-তে রান পেয়ে নিজের দাবি জোরালো করেছেন বিরাট কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপের দৌড়ে বিরাট অনেকটাই এগিয়ে থাকলেও, রোহিতের ক্ষেত্রে আর ভরসা রাখতে পারছে না ভারতীয় ক্রিকেট মহল।

জানা গেছে, নির্বাচকদের এমন কঠোর সিদ্ধান্তে মোটেও খুশি নন রোহিত শর্মা। তিনি নিজের ফিটনেস আরও বাড়িয়ে ও পারফর্ম করে দলে জায়গা ধরে রাখতে মরিয়া। কিন্তু ক্রিকেটের বাইশ গজে তাঁর শরীরী ভাষা ও সাম্প্রতিক পরিসংখ্যান অন্য কথা বলছে। কার্ডিফে তাঁর ৪৭ বলে ২৬ রানের মন্থর ইনিংস দেখে মনখারাপ ক্রিকেটপ্রেমীদেরও। ইনিংসের মাঝে টানা ৯টি ডট বল খেলার ধরণ দেখে চেনাই যাচ্ছিল না ওয়ানডে ইতিহাসের তিনটি দ্বিশতরানের মালিককে। যে ব্যাটার একসময় ক্রিজে থিতু হতে সমস্যা হলে অনায়াসে ছক্কা মেরে স্ট্রাইক রেট শুধরে নিতেন, এখনকার রোহিত যেন সেই অতীতের ছায়ামাত্র। ফিল্ডিংয়ের ফাঁক গলে রান বের করতেও তাঁকে রীতিমতো কসরত করতে হচ্ছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, শুভমান গিলের যোগ্য ওপেনিং পার্টনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে এখনই ওয়ানডে ক্রিকেটে তৈরি করে নেওয়া উচিত। আর সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার স্বার্থেই রোহিত শর্মার এবার জায়গা ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছে বোর্ড। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, ক্রিকেট মহলে গুঞ্জন—রোহিতের যতই আপত্তি থাকুক না কেন, লর্ডসের ঐতিহাসিক ময়দানই হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ স্টেশন। 

এখন দেখার, রবিবারের ম্যাচ শেষে লর্ডসের সবুজ গালিচায় দাঁড়িয়ে রোহিত শর্মা নিজে থেকেই বিদায়ের ঘোষণা করেন কি না। যদি এই জল্পনা সত্যি হয়, তবে রবিবাসরীয় লর্ডসে ভারতীয় ক্রিকেটের একটি সোনালী ‘রোহিত যুগ’-এর চিরতরে অবসান ঘটবে, যা ক্রিকেট ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন