সমকালীন প্রতিবেদন : সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বা ‘চুনকাম’ হওয়ার তিক্ত স্বাদ পেতে হয়েছে মেন ইন ব্লু-দের। হারের এই ক্ষত কাটিয়ে ওঠার লড়াইয়ের মাঝেই এবার মরার উপর খাঁড়ার ঘায়ের মতো এসেল চোটের আঘাত। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটের কারণে স্কোয়াডে জোড়া পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে, দলের দুই গুরুত্বপূর্ণ বোলার হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী চোটের কারণে ছিটকে গেছেন। তাঁদের পরিবর্তে যথাক্রমে দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার প্রিন্স যাদব এবং লেগ-স্পিনার রবি বিষ্ণোই। সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন ওয়ানডে সিরিজ। এই সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন পেসার হর্ষিত রানা। তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজর কাড়া বোলার প্রিন্স যাদবকে।
এবারের আইপিএলে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে এসেছিলেন প্রিন্স। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পর থেকেও তাঁর পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় বোলিং লাইনে অন্যতম ভরসাযোগ্য মুখ হয়ে উঠেছিলেন তিনি। ধারাবাহিক এই ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মূল স্কোয়াডে আরও একবার নিজের জায়গা পাকা করে নিলেন এই তরুণ তুর্কি।
অন্যদিকে, স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ বরুণ চক্রবর্তীর চোট বেশ পুরোনো। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই তিনি প্রথম চোটের কবলে পড়েন। দেশের স্বার্থে সেই চোটের অস্বস্তি নিয়েই পুরো বিশ্বকাপ খেলেছিলেন বরুণ। এরপর আইপিএলেও তিনি চোট লুকিয়ে বা তা নিয়েই মাঠে নামেন। কিন্তু দীর্ঘ সময় চোট চেপে রাখার ধকল এবার আর সামলানো গেল না। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই তাঁর চোট নতুন করে গুরুতর আকার ধারণ করে। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় অভিজ্ঞ রবি বিষ্ণোইকে জিম্বাবোয়ে সফরের দলে ডেকে নিয়েছে বোর্ড।
টানা হারের ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল, যেখানে প্রবীণ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির অভিজ্ঞতা দলের বড় শক্তি। অন্যদিকে, তরুণদের নিয়ে গড়া জিম্বাবোয়ে সফরের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে শ্রেয়স আয়ারের কাঁধে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের ভারতীয় দল:
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং প্রিন্স যাদব।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল:
শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিশন, শিবম দুবে, সূর্যাংশ শেড়গে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রভসিমরন সিং এবং রবি বিশ্নোই।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন