Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩ জুন, ২০২৬

গোপালনগর থেকে গ্রেফতার বনগাঁর তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা

 

Trinamool-Councilor-Arrested

সমকালীন প্রতিবেদন : ‌একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। গোপালনগর থানা এলাকার একটি গোপন ডেরা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পাপাই রাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চালানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সদ্যসমাপ্ত নির্বাচনের সময়েও রাজনৈতিক হিংসা ছড়ানোর ক্ষেত্রে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। 

ভোটের প্রচার চলাকালীন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার একটি কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার পাল্টা হিসেবে বিজেপি কর্মীদের ওপর  হামলা ও মারধরের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে পাপাই রাহার।

একজন ক্ষমতাসীন কাউন্সিলরের এভাবে গ্রেফতার হওয়ার ঘটনায় বনগাঁর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের দাবি, পুলিশ প্রশাসনকে এতদিন দলদাসের মতো ব্যবহার করে এই সমস্ত সমাজবিরোধীদের আড়াল করা হচ্ছিল। 

এদিন ধৃত তৃণমূল কাউন্সিলরকে কোমরে দড়ি বেঁধে বেশ কিছুটা রাস্তা পায়ে হাটিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। এই সময় রাস্তার দুধার এবং আদালত চত্ত্বরে উপস্থিত মানুষের অনেকেই তাকে দেখে '‌চোর চোর' স্লোগান দিতে থাকেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন