Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৪ জুন, ২০২৬

গিলের কাঁধে নেতৃত্ব, কামব্যাক কোহলি-বুমরাহর : ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দল ঘোষণা ভারতের

 

ODI-series-squad

সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের হাই-ভোল্টেজ একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য শক্তিশালী ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো স্পষ্ট করে দিয়ে এই সফরের জন্য তরুণ ওপেনার শুভমান গিলের হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। গিলের সহকারী অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। অভিজ্ঞ ও তরুণের মেলবন্ধনে তৈরি এই ভারতীয় দল আগামী ১৪ জুলাই এজবাস্টনে প্রথম ওডিআই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

বিসিসিআইয়ের নির্বাচক কমিটির ঘোষিত এই ওডিআই স্কোয়াডের সবচেয়ে বড় চমক হলো দলের প্রাক্তন অধিনায়ক তথা আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির প্রত্যাবর্তন। দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকার পর অবশেষে ওডিআই ফরম্যাটে কামব্যাক করছেন তিনি। তবে নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলির একাদশে খেলাটি সম্পূর্ণ নির্ভর করছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে তাঁর চূড়ান্ত ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর। কোহলির পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অভিজ্ঞ ডানহাতি পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর অন্তর্ভুক্তি ভারতের পেস অ্যাটাককে অনেকটাই শক্তিশালী করবে।

উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলানোর জন্য নির্বাচকেরা দলে রেখেছেন দুই নির্ভরযোগ্য তারকা কেএল রাহুল এবং ইশান কিষাণকে। তবে ভারতীয় শিবিরের জন্য বড় ধাক্কা হলো তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়া। ফিটনেসজনিত সমস্যার কারণে এই গুরুত্বপূর্ণ সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। অলরাউন্ডার হিসেবে দলে হার্দিকের অভাব ঢাকতে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং তরুণ নীতিশ কুমার রেড্ডিকে। অন্যদিকে, স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন চায়নাম্যান কুলদীপ যাদব। বুমরাহর সঙ্গে পেস বোলিং বিভাগে ধার বাড়াতে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং গুরনুর ব্রার।

ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এই দল ঘোষণার মধ্য দিয়ে বিসিসিআই ভারতের ভবিষ্যতের রূপরেখা তৈরি করে দিল। একদিকে যেমন তরুণ গিলের ওপর ভরসা রেখে তাঁকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হলো, ঠিক তেমনই বিরাট, রোহিত ও বুমরাহর মতো অভিজ্ঞদের স্কোয়াডে ফিরিয়ে দলে নিখুঁত ভারসাম্য বজায় রাখা হয়েছে। ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে লড়াই সহজ হবে না, তাই প্রায় পূর্ণ শক্তির ওডিআই দল নিয়েই ব্রিটিশ বধের ব্লু-প্রিন্ট সাজিয়েছে ভারত।

এক ঝলকে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় ওডিআই দল:

শুভমান গিল– অধিনায়ক, শ্রেয়স আইয়ার–সহ-অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি,কেএল রাহুল– উইকেটকিপার, ইশান কিশান– উইকেটকিপার, অক্ষর প্যাটেল,

ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, গুরনুর ব্রার।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন