Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২১ জুন, ২০২৬

বনগাঁয় জামাই ষষ্ঠীর পরদিনই বিপত্তি, সিলিন্ডার বদলে রান্না করতেই আগুনে ভস্মীভূত বাড়ি

 

House-reduced-to-ashes-by-fire

সমকালীন প্রতিবেদন : জামাই ষষ্ঠীর আনন্দ-উৎসবে মুহূর্তের মধ্যে নেমে এল চরম বিপর্যয়। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা একটি বাড়ি। রবিবার দুপুরে বনগাঁ থানার কুটিবাড়ি খাসপাড়া এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাসপাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ সুবর্ণ বিশ্বাসের কোনো পুত্রসন্তান নেই। জামাই ষষ্ঠী উপলক্ষে শনিবারই তাঁর মেয়ে ও জামাই সপরিবারে বাপের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে ছিল ‘জামাই ভোজন’ অর্থাৎ জামাইকে পঞ্চব্যঞ্জনে ভূরিভোজ করানোর আয়োজন। সেই মতোই রান্নাঘরে চলছিল দেদার রান্নাবান্না। কিন্তু দুপুরের দিকে আচমকাই চলতি সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, তড়িঘড়ি রান্নার ওভেনে একটি নতুন গ্যাসের সিলিন্ডার এনে লাগানো হয়। আর তারপরেই ঘটে চরম বিপত্তি। নতুন সিলিন্ডারটি লাগিয়ে ওভেন জ্বালাতেই হঠাৎ সেখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে সেই আগুন সিলিন্ডার থেকে পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে।

কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সুবর্ণবাবুর গোটা বাড়িটিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাণভয়ে জামাই-মেয়েসহ পরিবারের সমস্ত সদস্য ও প্রতিবেশীরা বাড়ি থেকে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকল ও বনগাঁ থানায়। স্থানীয় বাসিন্দারাও প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান।

তবে দমকল ও স্থানীয়দের মরিয়া চেষ্টার আগেই আগুনের গ্রাসে সুবর্ণবাবুর ঘরবাড়ির আসবাবপত্রসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। উৎসবের আমেজ নিমেষের মধ্যে বিষাদে পরিণত হয় পরিবারটিতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নতুন সিলিন্ডারটি লাগানোর সময় রেগুলেটরের কোনো ত্রুটি বা গ্যাস লিক করার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন