Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বিদ্যুৎ বিল মেটানোর নামে সাইবার জালিয়াতি, ১ লক্ষ ৩০ হাজার টাকা খোয়ালেন কলেজ অধ্যাপিকা

 

Cyber-​​Fraud

সমকালীন প্রতিবেদন : বিদ্যুৎ বিলের বকেয়া মেটানোর নামে সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন উত্তর ২৪ পরগনার হাবরার বাণীপুর মহিলা কলেজের এক অধ্যাপিকা। এক ক্লিকেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার। প্রতারিত অধ্যাপিকার নাম নন্দিনী হালদার। এই ঘটনায় ইতিমিধ্যেই বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টা নাগাদ অধ্যাপিকা নন্দিনী হালদারের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল পাঠানো হয়েছে, যা অবিলম্বে খুলে দেখা প্রয়োজন।

সরল বিশ্বাসে এবং কোনওরকম সন্দেহ না করেই অধ্যাপিকা তাঁর মোবাইলে আসা ওই ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই ঘটে বিপত্তি। অভিযোগ, লিঙ্ক বা ফাইলে ক্লিক করতেই মুহূর্তের মধ্যে তাঁর মোবাইল স্ক্রিনটি সম্পূর্ণ কালো হয়ে যায় এবং ফোনটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে।

বেশ কিছুক্ষণ পর অধ্যাপিকার মেয়ে ফোনটি কোনওরকমে চালু করতে সমর্থ হলে আসল সত্য সামনে আসে। দেখা যায়, ফোনটি অকেজো থাকার সুযোগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় থাকা অধ্যাপিকার অ্যাকাউন্ট থেকে দু'দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার অপরাধীরা। চোখের পলকে কষ্টার্জিত সঞ্চয় উধাও হয়ে যাওয়ার বিষয়টি টের পেয়েই মা ও মেয়ে তড়িঘড়ি ব্যাঙ্কের স্থানীয় শাখায় ছোটেন। 

এরপর বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পেয়েই সাইবার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কোন আইপি অ্যাড্রেস বা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি সরিয়ে ফেলা হয়েছে, তা ট্র্যাক করার চেষ্টা চলছে।

আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে হতাশ হয়ে পড়েন অধ্যাপিকা নন্দিনী দেবী। সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, “আমার মতো ভুল যেন কেউ না করেন। অপরিচিত কোনও নম্বর থেকে আসা কোনও পিডিএফ, লিঙ্ক বা ফাইল ভালো করে যাচাই না করে ভুলেও কখনও খুলবেন না। সামান্য এক মুহূর্তের অসতর্কতাই কিন্তু জীবনভরের সঞ্চয় কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।”

সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি একটি সুপরিকল্পিত 'ম্যালওয়্যার' বা 'স্ক্রিন শেয়ারিং অ্যাপ'-এর মাধ্যমে ঘটা জালিয়াতি। বিদ্যুৎ বিল বা ব্যাঙ্কের নাম করে আসা অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার জন্য বারবার প্রশাসনের তরফ থেকেও প্রচার চালানো হচ্ছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন