Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের পাশে বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি, তুলে দেওয়া হলো শিক্ষাসামগ্রী ও গাছের চারা

 

Bongaon-Angan-Welfare-Society

সমকালীন প্রতিবেদন : সমাজের আর্থিক প্রতিকূলতাকে জয় করে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী এগিয়ে যেতে চায়, তাদের শিক্ষার পথ মসৃণ করতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি। গত ১৯ বছর ধরে শিক্ষার প্রসার এবং দুস্থ ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এই সংগঠনটি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই গত রবিবার বনগাঁ হাই স্কুলের জগদীশচন্দ্র ইন্দ্র নামাঙ্কিত সভাকক্ষে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একদল শিক্ষানুরাগী মানুষের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ৩৩ জন কৃতী পড়ুয়ার হাতে খাতা, বইসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হলো। একই সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেক পড়ুয়াকে একটি করে গাছের চারাও উপহার দেওয়া হয়। প্রয়োজনমতো কিছু পড়ুয়ার জন্য বিনামূল্যে প্রাইভেট টিউশনেরও ব্যবস্থা করা হয়েছে।

এ দিন সহায়তা পাওয়া পড়ুয়াদের পারিবারিক পটভূমি অত্যন্ত সংগ্রামময়। তাদের মধ্যে কারও বাবা দিনমজুর, ভ্যান বা টোটো চালক, আবার কারও ক্ষেত্রে মাথার ওপর বাবার ছায়াটুকুও নেই। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সন্তানদের পড়াশোনার খরচ টানছেন মায়েরা। এই কঠিন পরিস্থিতির মধ্যেও পড়ুয়াদের এমন কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন উপস্থিত সকলে।

সংস্থার সদস্য-সদস্যা, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক অনটনের কারণে অনেক সময় বহু সুপ্ত প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এই পিছিয়ে পড়া মেধাবীদের হাত ধরে ভবিষ্যতের পথে এগিয়ে দেওয়া সমাজের প্রতিটি স্তরের মানুষের নৈতিক দায়িত্ব। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থার কাছ থেকে এই উপহার পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরা জানায়, অঙ্গন সংস্থা যেবাবে আমাদের পাশে দাড়িয়েছে, তাতে আমরা অভিভূত। এই সহযোগিতা তাদের আগামী দিনে আরও মন দিয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা জানায়। অভিভাবকরাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আগামী দিনেও এই ধারা বজায় রাখার অনুরোধ জানান। 

সংস্থার সভাপতি হরিনারায়ণ সরকার জানান, সংস্থার কাছ থেকে সহযোগিতা পাওয়া ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের কাছে একটাই অনুরোধ, তারা যেন মূল স্রোত থেকে হারিয়ে না যায়। তারা যেন পড়াশোনাটা ঠিকমতো করে। তাহলেই তারা তাদের অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। এর প্রমান আমাদের সংস্থা এর আগে দিয়েছে। 

বিগত দিনে এই সংস্থার সহযোগিতা পেয়ে আজ কর্মজীবনে প্রবেশ করা বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির এদিনে জোড়া প্রয়াস সামগ্রিকভাবে এলাকায় ব্যাপক সমাদর লাভ করেছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সমাজের সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনেও এই ধরণের জনকল্যাণমূলক কর্মসূচি তাঁরা জারি রাখবেন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন