সমকালীন প্রতিবেদন : আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে আড়াই দিনে ইনিংস এবং ৩০০ রানের রেকর্ড ব্যবধানে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। ভারতের টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে রানের নিরিখে এটিই এখন পর্যন্ত বৃহত্তম জয়। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারানোই ছিল এতদিন ভারতের সেরা নজির, সোমবার নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন শুভমন গিলেরা। একই সাথে এই তালিকায় তৃতীয় স্থানে চলে গেল ২০১৮ সালেই বেঙ্গালুরুতে আফগানদের বিরুদ্ধে ইনিংস ও ২৬২ রানের জয়টি।
ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত না হলেও, শুভমন গিলের তরুণ ব্রিগেডের পারফরম্যান্স আগামী দিনের ক্রিকেটের জন্য দলকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করবে। তবে এই ঐতিহাসিক মহাকাব্যের ট্র্যাজেডি একটাই– চণ্ডীগড়ের তীব্র ৪০ ডিগ্রি সেলসিয়াস গরমের কারণে স্টেডিয়ামটি ছিল প্রায় দর্শকশূন্য। হাতেগোনা মাত্র ৫০০ জন ক্রীড়াপ্রেমী গ্যালারিতে বসে ভারতের এই রাজকীয় জয়ের সাক্ষী থাকলেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেটে ৫৬৪ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে চরম চাপে ছিল আফগানিস্তান। ক্রিজে ৪৩ রানে অপরাজিত থাকা রহমত শাহ সোমবার কিছুটা লড়াই করে ব্যক্তিগত ৬০ রান করলেও, অন্য প্রান্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইন-আপ।
আজমতুল্লা ওমরজাই (০), শরফুদ্দিন আশরফ (১১) বা মহম্মদ সালিমরা (০) ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। ফলে প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে ভারতের হয়ে একাই ত্রাস সৃষ্টি করেন অভিষেককারী বাঁ-হাতি স্পিনার মানব সুতার। তিনি মাত্র ৩৩ রান খরচ করে তুলে নেন ৬টি উইকেট। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ৩৭ রানে ৩টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট পান।
প্রথম ইনিংসের ভিত্তিতে ৪১২ রানের বিশাল লিড পাওয়ার পর আফগান অধিনায়ক হাসমতুল্লা শাহিদিকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ভাগ্য বদলায়নি আফগানিস্তানের। ভারতীয় বোলারদের গতি ও টার্নের মুখে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন তাঁরা। ওপেনার সেদিকুল্লা অটল (৪২) এবং রহমানুল্লা গুরবাজ (২৪) সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ হন।
আব্দুল মালিক (৮), রহমত শাহ (১৩) কিংবা শাহিদিরা (৫) প্যাভিলিয়নের পথ ধরলে ১১৮ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। চোটের কারণে শরফুদ্দিন আশরফ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না নামায় ৩৫.৫ ওভারে মাত্র ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানদের দ্বিতীয় ইনিংস। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ৩৬ রানে ৪টি, কুলদীপ যাদব ৩০ রানে ৩টি এবং সিরাজ ও সুতার ১টি করে উইকেট নেন।
এই ম্যাচটি ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে রাজস্থানের স্পিনার মানব সুতারের অবিশ্বাস্য আত্মপ্রকাশের জন্য। অভিষেক টেস্টের এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়া দশম ভারতীয় বোলার এবং সপ্তম স্পিনার হিসেবে নজির গড়লেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট সহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে অভিষেক ম্যাচেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন উদীয়মান এই তারকা। সাড়ে তিন দিনের এই টেস্টে আড়াই দিনেই আফগানদের দর্পচূর্ণ করে দেশের মাটিতে নিজেদের ক্রিকেটীয় আধিপত্য বজায় রাখল ভারত।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন