সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের ১০০তম ম্যাচটি রাজকীয়ভাবে স্মরণীয় করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের ক্যাচ মিসের মহড়াকে কাজে লাগিয়ে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২৪৭ রানের পাহাড় গড়েছিল নাইটরা। ফিনের বিধ্বংসী ৯৩ রান, তরুণ অঙ্গকৃষের অপরাজিত ৮২ এবং ক্যামেরন গ্রিনের ঝকঝকে ৫২ রানের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়লেও, কেকেআরের প্লে-অফের রাস্তা কিন্তু মসৃণ হলো না। বর্তমান যা পরিস্থিতি, তাতে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে শুধু নিজেদের জয় নয়, ভাগ্যের পাশাপাশি অন্য দলগুলোর হারের দিকেও চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে অজিঙ্কা রাহানেদের।
চলতি আইপিএল ২০২৬-এ কলকাতার সামনে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে নাইটদের ঝুলিতে রয়েছে মাত্র ১১ পয়েন্ট। নেট রানরেটও মাইনাসে (-০.০৩৮)। এমন কঠিন পরিস্থিতিতে আজ, ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামবে কেকেআর।
ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, এই দুটি ম্যাচ জিতলেই কি শেষ চারের টিকিট কনফার্ম করতে পারবে নাইটরা? আইপিএলের জটিল অঙ্ক বলছে, মোটেও তা নয়। বাকি দুটি ম্যাচ জিতলে কলকাতা সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে। কিন্তু তাতেও প্লে-অফের টিকিট নিশ্চিত হবে না।
কেকেআর-কে কোয়ালিফাই করতে হলে এখন প্রার্থনা করতে হবে যেন রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস তাদের বাকি সব কটি ম্যাচে পরাজিত হয়। একই সঙ্গে কলকাতাকে তাদের শেষ দুটি ম্যাচে মুম্বই ও দিল্লির বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে নিজেদের রানরেট অনেকটাই বাড়িয়ে নিতে হবে।
দলের এই খাদের কিনারে চলে যাওয়ার পরিস্থিতিতে নাইট শিবিরের বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শ্রেয়স আইয়ার দল ছেড়ে চলে যাওয়ার পর রাহানেকে কেবলই একটি ‘অস্থায়ী সমাধান’ বা আপৎকালীন বিকল্প হিসেবে নেতৃত্বের গুরুভার দেওয়া হয়েছিল। গত মরশুমে ব্যাট হাতে নেতা হিসেবে সফল হলেও, চলতি বছরে তিনি পুরোপুরি অফ-ফর্মে।
চলতি মরশুমে রাহানের অধিনায়কত্ব যেমন ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্নের মুখে পড়েছে, তেমনই তাঁর ধীরগতির ব্যাটিংও কেকেআরের ভরাডুবির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক টি-টোয়েন্টির যুগে পাওয়ার প্লে কিংবা মাঝের ওভারগুলোতে যেখানে ঝোড়ো গতিতে রান তোলার প্রয়োজন, সেখানে চূড়ান্ত ব্যর্থ কেকেআর অধিনায়ক। চলতি মরশুমে ১২টি ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৫১ রান। ব্যাটিং গড় ২২.৮২ এবং স্ট্রাইক রেট ১৩০.৭৩, যা আজকের ক্রিকেটের ঘরানায় বড্ড বেমানান।
এখন দেখার, ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে এই বিশাল রানের আত্মবিশ্বাসকে পুঁজি করে শেষ দুই ম্যাচে অলৌকিক কিছু ঘটিয়ে কেকেআর প্লে-অফের টিকিট ছিনিয়ে নিতে পারে কি না।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন