Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠ, অথচ হাজার কোটির মালকিন: তামিলনাড়ু নির্বাচনে নজর কাড়ছেন ‘ধনী’ প্রার্থী লিমা রোজ

 

Wealthy-Candidate

সমকালীন প্রতিবেদন : শিক্ষাগত যোগ্যতা মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত হলেও সম্পদের নিরিখে তাবড় তাবড় ব্যক্তিত্বদের ছাপিয়ে গিয়েছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লালগুডি কেন্দ্র থেকে এআইএডিএমকে প্রার্থী হিসেবে লড়ছেন লিমা রোজ মার্টিন। সোমবার মনোনয়নপত্র জমার সাথে দেওয়া হলফনামায় তাঁর অঢেল সম্পত্তির খতিয়ান দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ রাজনৈতিক মহলের। লটারি ব্যারন সান্তিয়াগো মার্টিনের স্ত্রী লিমাই আপাতত দক্ষিণ ভারতের এই রাজ্যের নির্বাচনে ‘সবচেয়ে ধনী’ প্রার্থী হিসেবে উঠে এসেছেন।

হলফনামা অনুযায়ী, লিমা রোজের মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া– প্রায় ১০৪৯.৫ কোটি টাকা। এর একটি বড় অংশ জুড়ে রয়েছে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি: ১,৩৯,৬২,৯৮,৭৩০.১৫ কোটি টাকা। স্থাবর সম্পত্তি: ৯,০৯,৯৪,৪৪,৭৬৮.২৩ কোটি টাকা।

বিস্ময়কর বিষয় হলো, কেবল লিমাই নন, তাঁর স্বামী সান্তিয়াগো মার্টিনের সম্পদের পরিমাণ আরও কয়েক গুণ বেশি। এমনকি তাঁদের সন্তানের নামেও প্রায় ২২৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।পেশায় বিনিয়োগকারী লিমার আয়ের উৎস বহুমুখী। একটি পার্টনারশিপ ফার্মে তাঁর বড় অঙ্কের লগ্নি রয়েছে। 

এছাড়া শেয়ার বাজার, সম্পত্তির ভাড়া এবং ব্যবসার লভ্যাংশ থেকে নিয়মিত আয় হয় তাঁর। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয়ের অঙ্ক প্রায় ৯.৮ কোটি টাকা। তবে বিশাল সম্পদের পাশাপাশি তাঁর ঋণের বোঝাও মন্দ নয়। বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর প্রায় ৯ কোটি টাকার ঋণ রয়েছে এবং সরকারি খাতেও বকেয়া রয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা।

হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও লিমার পড়াশোনা আটকে ছিল প্রাথমিক স্তরেই। হলফনামা অনুযায়ী, তিনি তামিলনাড়ুর একটি সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠ নিয়েছেন। স্বামীর লটারি ও অন্যান্য ব্যবসার প্রসারে পর্দার আড়াল থেকে সক্রিয় থাকলেও, এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন। তামিলনাড়ুর লালগুডি কেন্দ্রে এআইএডিএমকে-এর এই কোটিপতি প্রার্থীর লড়াই এবং তাঁর অঢেল ঐশ্বর্য এখন রাজ্যের নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন