সমকালীন প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। তবে এবার রাজ্যের ভোটগণনা কেন্দ্রের সংখ্যা গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে মাত্র ৮৭টি কেন্দ্রে। ইতিপূর্বেই জেলাভিত্তিক গণনাকেন্দ্রের তালিকা ও সঠিক ঠিকানা জনসমক্ষে আনা হয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ৯০টি কেন্দ্রে ভোটগণনা হয়েছিল। ২০২১ সালের হাইভোল্টেজ নির্বাচনে সেই সংখ্যা বাড়িয়ে ১০৮টি করা হয়েছিল। তবে ২০২৬ সালের এই নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৭-তে। প্রশাসনিক ও নিরাপত্তার সুবিধার্থেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রাজ্যে সবচেয়ে বেশি আসন সংখ্যা বিশিষ্ট জেলা উত্তর ২৪ পরগনা। এখানকার ৩৩টি আসনের ভোটগণনা হবে ৮টি কেন্দ্রে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বারাসত কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয় এবং পানিহাটির গুরুনানক কলেজ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের জন্য বরাদ্দ হয়েছে ১২টি গণনাকেন্দ্র, যার মধ্যে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় অন্যতম।
রাজধানী কলকাতার ১১টি আসনের ভোটগণনা হবে ৫টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের মতো পরিচিত প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ির ৭টি আসনের গণনা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। কালিম্পঙের একমাত্র আসনের জন্য ধার্য করা হয়েছে স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশনকে।
অন্যান্য জেলার মধ্যে মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা হবে ৬টি কেন্দ্রে এবং মালদহের ১২টি আসনের ভোট গণনা হবে মাত্র ২টি কেন্দ্রে। বীরভূমের ১১টি আসনের জন্য ৩টি এবং হুগলির ১৮টি আসনের জন্য ৬টি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার মতো জেলাগুলিতে ৪টি করে কেন্দ্রে গণনা চলবে।
কমিশন জানিয়েছে, প্রতিটি গণনাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হবে। জেলা ধরে ধরে এই তালিকা প্রকাশ হওয়ায় রাজনৈতিক দলগুলিও এখন তাদের প্রতিনিধি বা কাউন্টিং এজেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারবে। এবার দেখার বিষয়, এই সীমিত সংখ্যক কেন্দ্রে গণনার কাজ কত দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে কমিশন।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন