সমকালীন প্রতিবেদন : বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের কুড়ুলিয়া, মামা-ভাগ্নে সহ আশপাশের একাধিক গ্রামে বৃহস্পতিবার হঠাৎই আছড়ে পড়ল প্রবল ঝড়। প্রায় কুড়ি মিনিট ধরে চলা এই দমকা হাওয়ার দাপটে এলাকার একাধিক কাঁচা বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ উপড়ে পড়েছে, ঘরের টিনের চাল উড়ে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে দূরে গিয়ে আছড়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঝড়ের গতিবেগ ও ধ্বংসলীলা দেখে মনে হয়েছে যেন টর্নেডোর মতোই ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে আকাশ হঠাৎই অন্ধকার হয়ে যায় এবং তারপরই শুরু হয় প্রচণ্ড বাতাসের দাপট। মুহূর্তের মধ্যে রাস্তার ধারের গাছপালা উপড়ে যেতে দেখা যায়। কাঁচা ঘরের দেওয়াল ধসে পড়ে, ছাদের টিন উড়ে গিয়ে আশেপাশের বাড়ি ও মাঠে ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়ির সম্পূর্ণ চাল উড়ে গিয়ে অন্যত্র পড়ার ঘটনাও ঘটেছে।
ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে কাঁচা বাড়ির উপরে এসে পড়ায় সেইসব বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এলাকায় এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসাব না মিললেও, বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক খবর। অনেকেরই দৈনন্দিন জিনিসপত্র নষ্ট হয়েছে, ক্ষেতের ফসলও ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই দুর্যোগের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, “এমন ঝড় আগে কখনও এই এলাকায় দেখিনি। যেন টর্নেডো এসে সব তছনছ করে দিয়ে গেল।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে অনেকেই এখন খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ করা হয়েছে। বাগদা ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শুকনো খাবার, অন্যান্য ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা শীঘ্রই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনিক কর্তারা।
এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে কুরুলিয়া মামা-ভাগ্নে এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি হলে সরকারি সাহায্য আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত দাঁড়ানো।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন