Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিপদজনক গাছের ডাল কাটার দাবি: যশোর রোড অবরোধ করে বিক্ষোভ বনগাঁয়

 

Demand-to-Trim-Tree-Branches

সমকালীন প্রতিবেদন : রাস্তার দুই ধারে ঝুলে থাকা মরণফাঁদ সরাতে এবার পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। বিপদজনক গাছের ডাল দ্রুত কেটে ফেলার দাবিতে শুক্রবার সকাল ১১টা থেকে বনগাঁর কালুপুর এলাকায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় আন্তর্জাতিক এই সংযোগকারী সড়কে।

বিক্ষোভকারীদের অভিযোগ, যশোর রোডের দুই ধারের অসংখ্য প্রাচীন গাছের ডাল অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড়সড় ডাল ভেঙে পড়ে নতুন করে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। অতীতেও এই এলাকায় ডাল ভেঙে একাধিক দুর্ঘটনা এবং মৃত্যুর নজির রয়েছে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত পথ অবরোধের চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে পথ অবরোধ তোলার চেষ্টা করলেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। তাঁদের সাফ কথা, "প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যতক্ষণ না কর্তৃপক্ষ গাছের ডাল কাটার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এবং লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।"

ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বনদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের এই উদাসীনতা নিয়ে এখন সরব কালুপুর এলাকার বাসিন্দারা। এখন দেখার, কত দ্রুত এই মরণফাঁদ সরিয়ে জনজীবন স্বাভাবিক করা সম্ভব হয়।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন