Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বনগাঁর জনসভায় সুর চড়ালেন মমতা: ‘বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে পোষা একই’

 

Bongaon-Public-Meeting-0f-Mamata

সমকালীন প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই বনগাঁয় পৌঁছান তিনি। এ দিন নদীয়ার চাকদার পর বনগাঁ ও হাবড়া– পর পর তিনটি সভা সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। বুধবারই তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা।

এ দিন সভার শুরুতেই তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানান মমতা। আবহাওয়ার পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি কিছুটা রসিকতার সুরে বলেন, “আকাশ তো আমার হাতে নেই, তাই হাতে সময় খুব কম।” দ্রুত বক্তৃতায় তিনি বনগাঁর আমূল পরিবর্তনের কথা তুলে ধরেন। তাঁর কথায়, “আগে বনগাঁয় এলে তীব্র যানজট দেখতাম। আজ বনগাঁর রাস্তা মসলিনের মতো মসৃণ। মাত্র দেড় ঘণ্টায় কলকাতা থেকে এখানে আসা যায়।” সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, জয়ী হলে এলাকার অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করা হবে। এছাড়া ‘দুয়ারে সরকার’-এর সাফল্যের রেশ টেনে তিনি আগামীতে ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা চালুর প্রতিশ্রুতি দেন, যেখানে ডাক্তার ও নার্সরা সরাসরি ব্লকে ব্লকে গিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবেন।

বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিজেপি ও কেন্দ্রীয় সংস্থাগুলির তীব্র সমালোচনা। ঠাকুরবাড়ির বিভেদ নিয়ে বিজেপিকে সতর্ক করে মমতা বলেন, “অনিল অম্বানীর কেসে কাদের নাম আছে সব জানি। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি-সিবিআই যায় না।” ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়া নিয়ে তিনি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বলেন, “বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ওদের মাথায় শুধু বিষ, আর বিষবৃক্ষ থেকে কখনও আম জন্মায় না।” নাম বাদ যাওয়া ভোটারদের অধিকার ফেরাতে তিনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণাও করেন।

বনগাঁর মতুয়া ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে মমতা কড়া ভাষায় বলেন, “ওরা নমঃশূদ্র বিরোধী, মতুয়া বিরোধী। ভোটের আগে হিন্দু-মুসলমান করে আগুন লাগাতে চায়। কিন্তু মনে রাখবেন, আগুন লাগলে বাড়ি দেখে না।” তিনি ফের জানিয়ে দেন, বাংলায় কোনও অবস্থাতেই ডিটেনশন সেন্টার হতে দেবেন না। মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটি এবং বেলুড় মঠের সন্ন্যাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বক্তৃতার শেষে বিজেপি-সিপিএম ‘বোঝাপড়া’র রাজনীতির দিকে আঙুল তুলে তৃণমূল নেত্রী বলেন, “বাংলা দখল করতে ওরা বড্ড হ্যাংলা হয়েছে। চৈত্র সেলের মতো ভোটার তালিকা নিয়ে খেলা চলছে।” ভোটারদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, “কেউ বাধা দিলে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে ভোট দিতে যাবেন।” মতুয়াদের অধিকার রক্ষা এবং নাম কাটা ভোটারদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

এদিন মঞ্চ থেকে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে বিশ্বজিৎ দাস, ঋতুপর্ণা আঢ্য, মধুপর্ণা ঠাকুর এবং নরোত্তম বিশ্বাসের সঙ্গে উপস্থিত জনতার পরিচয করিয়ে তাঁদের জেতানোর আহ্বান জানান তৃণমূল নেত্রী। শেষে নিজের লেখা এবং ইন্দ্রনীলেও গাওয়া গানের সঙ্গে পা মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন