সমকালীন প্রতিবেদন : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নজিরবিহীন ডামাডোল তৈরি হয়েছে। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের প্রকাশিত জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ‘বিবেচনাধীন’ তালিকা থেকে আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। এর ফলে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকা এবং বর্তমান সংযোজন মিলিয়ে রাজ্যে বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫। অর্থাৎ, প্রায় এক কোটি মানুষ ভোটার তালিকা থেকে ছিটকে গিয়েছেন।
কমিশনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বিবেচনাধীন তালিকা থেকে একক জেলা হিসেবে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। সেখানে ৪ লক্ষ ৫৫ হাজারের বেশি নাম বর্জিত হয়েছে। দুই তালিকা মিলিয়ে এই জেলায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষ। তবে সামগ্রিকভাবে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে উত্তর ২৪ পরগনা।
২৮ ফেব্রুয়ারির তালিকা এবং বর্তমান হিসাব মিলিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ ২৪ পরগনায় বাদ পড়া ভোটারের সংখ্যা ১০ লক্ষ ৯১ হাজার ৯৮। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। মালদহ জেলা থেকে দুই দফায় ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম বাদ গিয়েছে। খাস কলকাতা জেলা থেকেও প্রায় ৭ লক্ষ (৬ লক্ষ ৯৭ হাজার ১৬০) ভোটারের নাম কাটা গিয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। খসড়া প্রকাশের আগেই ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ নাম ছাঁটাই হয়। সেই সময় প্রায় ৬০ লক্ষ নামকে ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। কমিশন জানিয়েছে, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য নিষ্পত্তি করে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, এখনও ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হলেও ই-স্বাক্ষর প্রক্রিয়া বাকি থাকায় তা তালিকায় যুক্ত হয়নি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া বা সংযুক্ত হওয়া নামের সংখ্যায় সামান্য রদবদল ঘটতে পারে। তবে সামগ্রিকভাবে যে বিপুল পরিমাণ নাম ভোটার তালিকা থেকে মুছে গিয়েছে, তা আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলির কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন