সমকালীন প্রতিবেদন : মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে যা হলো, তাকে ক্রিকেটীয় পরিভাষায় ‘রান-উৎসব’ বললেও কম বলা হয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় লিখে রাখল ১৯টি নতুন নজির। ৭৩টি বাউন্ডারিতে সাজানো এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতই।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের এক বিশাল স্কোর খাড়া করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট পর্বে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ইংল্যান্ড লড়াই চালালেও ২৪৬ রানে থেমে যায় তাদের ইনিংস। দুই দল মিলিয়ে মোট রান ওঠে ৪৯৯, যা ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি দ্বৈরথে সর্বকালীন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ম্যাচ (শীর্ষে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ৫১৭ রান)।
ওয়াংখেড়ের দর্শকরা এদিন চার ও ছক্কার বৃষ্টিতে ভিজলেন। দুই ইনিংস মিলিয়ে মোট ৭৩ বার বল বাউন্ডারির বাইরে গিয়েছে। শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে ৩৬০ রান। ৪০ ওভারের খেলায় মাত্র চারটি ওভার ছিল বাউন্ডারিহীন। এছাড়াও এই টুর্নামেন্টে ভারত মোট ৮৮টি ছক্কা মেরে বুলগেরিয়ার করা ৭৮টি ছক্কার বিশ্বরেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এই নিয়ে ৬ বার ২৫০-এর বেশি রান করল, যা বিশ্বের যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। ভেঙে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের (৫ বার) রেকর্ড। আইসিসি ইভেন্টে ১৫ বার ফাইনালে উঠে অস্ট্রেলিয়াকে (১৪ বার) টপকে এককভাবে শীর্ষে এখন টিম ইন্ডিয়া। পাকিস্তান ও শ্রীলঙ্কার পর তৃতীয় দল হিসেবে টানা দু’টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। সেই সাথে চ্যাম্পিয়ন তকমা নিয়ে ফাইনালে ওঠা প্রথম দলও তারা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে সঞ্জু স্যামসন ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বিরাট কোহলির আট বছর আগের সেমিফাইনালের রেকর্ড স্পর্শ করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের তরুণ তুর্কি জ্যাকব বেথেল ১০৫ রান করে বিশ্বকাপের নক-আউট পর্বে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন। মাত্র ২২ বছর বয়সে তিন ফরম্যাটেই শতরান করা বিশ্বের তৃতীয় কনিষ্ঠতম ব্যাটার হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।
তবে রেকর্ডের রাতে অন্ধকার দিকও ছিল। জফ্রা আর্চার ভারতের বিরুদ্ধে ৭টি ছক্কা খেয়ে স্টুয়ার্ট ব্রডের লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন। একইভাবে ভারতের বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৬৪ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বোলারের তকমা পেয়েছেন।
বিশ্বের প্রথম দল হিসেবে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল ভারত। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড তিনবার করে ফাইনাল খেলেছিল। রবিবার ফাইনালে ভারতের সামনে সুযোগ থাকবে নিজেদের গড়া ছক্কার বিশ্বরেকর্ডকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন