Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২২ মার্চ, ২০২৬

চলন্ত ট্রেনে যাত্রীদের লক্ষ্য করে পাথর, ভাইরাল ভিডিও দেখে অশোকনগর থেকে ধৃত ৩

Stones-Thrown-at-Moving-Train

সমকালীন প্রতিবেদন : চলন্ত ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল রেল পুলিশ ও আরপিএফ। শনিবার সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে শ্রীঘরে পাঠাল পুলিশ। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, সমীর মধু ও পঙ্কজ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনেই উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার বাসিন্দা।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত বনগাঁ-শিয়ালদা শাখার একটি বনগাঁ লোকালে। অভিযোগ, ট্রেনের ভেতরেই কোনো একটি বিষয় নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ওই তিন যুবক। বচসা চলাকালীন তারা অত্যন্ত আক্রমণাত্মক আচরণ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রেনের অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

তদন্তকারীরা জানাচ্ছেন, ওই তিন যুবক ট্রেন থেকে নেমে যাওয়ার পরও শান্ত হয়নি। ট্রেনটি যখন স্টেশন ছেড়ে গতি বাড়াতে শুরু করে, তখন তারা রেল লাইনের পাশে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের কামরা লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর ছুঁড়তে থাকে। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা প্রাণভয়ে কামরার মেঝেতে বসে পড়েন। এই গোটা ঘটনার দৃশ্য ট্রেনের এক যাত্রী মোবাইলে বন্দি করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ।

ভিডিওর সূত্র ধরে তদন্তে নামে জিআরপি ও আরপিএফ। স্থানীয় সোর্স ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর শনিবার রাতেই অশোকনগর এলাকায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। রেল পুলিশের এক আধিকারিক জানান, "যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভিডিওটি নজরে আসতেই আমরা দ্রুত পদক্ষেপ করেছি।"

ধৃতদের বিরুদ্ধে রেলের সম্পত্তি নষ্ট এবং যাত্রীদের বিপদে ফেলার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, রবিবার ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। স্টেশনে নজরদারি বাড়ানোরও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন