Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

১৮ কোটির পাথিরানাকে নিয়ে ঘোর অনিশ্চয়তা, আইপিএল শুরুর আগে বড় ধাক্কা কেকেআর শিবিরে

 

KKR-Camp

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৬-এর ঢাকে কাঠি পড়ার আগেই বড়সড় সংকটের মুখে কলকাতা নাইট রাইডার্স। নিলামে ১৮ কোটি টাকার বিপুল অঙ্কের বিনিময়ে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে দলে নিলেও, টুর্নামেন্টের শুরু থেকে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের  ফিটনেস টেস্টে পাথিরানার অনুপস্থিতি কেকেআর ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।

বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন এই লঙ্কান পেসার। নিয়ম অনুযায়ী, আইপিএলে যোগ দেওয়ার আগে শ্রীলঙ্কা বোর্ডের থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' বা এনওসি পাওয়া বাধ্যতামূলক। আর সেই ছাড়পত্র পাওয়ার পূর্বশর্ত হলো বোর্ডের নির্ধারিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিন্তু জানা গিয়েছে, চোটের কারণে রিহ্যাবে থাকা পাথিরানা সেই পরীক্ষাতেই হাজির হননি। ফলে বোর্ড তাঁকে এখনও এনওসি দেয়নি, যা নাইট শিবিরে তাঁর যোগদানের বিষয়টি ঝুলিয়ে রেখেছে।

ইতিমধ্যেই হর্ষিত রানা ও আকাশ দীপের মতো গুরুত্বপূর্ণ পেসারদের চোটের কারণে হারিয়েছে কেকেআর। মুস্তাফিজুর রহমানকেও এই মরশুমে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় পাথিরানা ছিলেন দলের পেস আক্রমণের প্রধান ভরসা। তিনি কবে সুস্থ হয়ে এনওসি পাবেন এবং কবে কলকাতায় পৌঁছাবেন, তার কোনও নিশ্চিত উত্তর নেই।

শুধু কেকেআর নয়, শ্রীলঙ্কার চোট পাওয়া অন্য ক্রিকেটারদের নিয়েও দুশ্চিন্তা রয়েছে আইপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। লখনউ সুপার জায়ান্টসের স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা চোটের কারণে ফিটনেস পরীক্ষা দেননি, ফলে তাঁর খেলা নিয়েও প্রশ্ন রয়েছে।

পরীক্ষা দিলেও নুয়ান থুসারার ফলাফলের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স বা সংশ্লিষ্ট শিবির। একমাত্র স্বস্তির খবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। এশান মালিঙ্গা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন এবং মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

পাথিরানাকে নিয়ে এই অনিশ্চয়তার মাঝে কেকেআর কি বিকল্প কোনও বিদেশি পেসারের কথা ভাবছে? নাকি টুর্নামেন্টের মাঝপথে পাথিরানার ফেরার অপেক্ষায় থাকবে দল? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছে বেগুনি-সোনালি ব্রিগেড। ২৮ মার্চ বেঙ্গালুরুতে প্রথম ম্যাচ, তার আগে বোলিং বিভাগকে গুছিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ কোচ ও অধিনায়কের কাছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন