সমকালীন প্রতিবেদন : ইছামতি নদীর ভাঙনে ক্রমশ বিপদজনক হয়ে উঠছে নদীর পাড়ের একাধিক বসতবাড়ি। চোখের সামনে নিজেদের ঘরবাড়ি নদীর গ্রাসে চলে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পরিস্থিতি একটু একটু করে খারাপের দিকে চলে যাওয়ায় দুশ্চিন্তায় বলেছেন বনগাঁর ইছামতি নদী সংলগ্ন বেশ কয়েকটি পরিবার। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার বনগাঁ থানার অন্তর্গত শিশুবাগান পাড়া এলাকায় পৌঁছান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
এদিন এলাকায় পৌঁছে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন মন্ত্রী। নদীর পাড় ভেঙে কীভাবে একের পর এক বাড়ির অংশে ফাটল ধরে যাচ্ছে, তা নিজের চোখে প্রত্যক্ষ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং গোটা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নদীভাঙনের কারণে আগামী দিনে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত স্থায়ীভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা না করা হলে বহু পরিবারকে নিজেদের ভিটেমাটি হারাতে হতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে এদিনই তৎপর হন খাদ্যমন্ত্রী। ঘটনাস্থল থেকেই বনগাঁ পুরসভা এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ীভাবে গার্ডওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান। আপাতত নদীভাঙন আটকাতে জরুরি ভিত্তিতে নদীর পাড়ে কাঠের বল্লা পুঁতে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। তবে স্থানীয়দের মতে, অস্থায়ী এই ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাঁদের একমাত্র দাবি, দ্রুত স্থায়ী সমাধান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, "বিগত সরকারের আমলে এই নদীগর্ভ থেকেই বালি চুরি হয়েছে। সেই কারণেই আজ এই নদীভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি পুরসভা এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিদর্শন করে এখানে যাতে গার্ডওয়াল দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই উদ্যোগই গ্রহণ করছি।"
নদীভাঙনের জেরে একদিকে যেমন বসতবাড়ি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে তেমনই অনিশ্চিত হয়ে পড়েছে নদী তীরবর্তী পরিবারগুলির ভবিষ্যৎ। এখন দেখার, প্রশাসনিক তৎপরতায় কত দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে এবং ইছামতির ভাঙন থেকে রক্ষা পান শিশুবাগান পাড়ার বাসিন্দারা।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন