Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কাটা কান জোড়া লাগিয়ে নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল

 

Bongaon-subdivisional-hospital

সমকালীন প্রতিবেদন : বিরল অস্ত্রোপচারে নজির গড়লেন বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। এক কিশোরের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কান পুনর্স্থাপিত করে কার্যত অসম্ভবকে সম্ভব করলেন তাঁরা। এই সাফল্যের খবরে খুশির হাওয়া উত্তর ২৪ পরগনার চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাইঘাটা থানার চাঁদপাড়ার বাসিন্দা, ১৫ বছর বয়সী কিশোর অনুপম দাস। বাইক থেকে পড়ে গিয়ে তার কানের একটি বড় অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সাধারণত এই ধরনের জটিল প্লাস্টিক সার্জারির জন্য রোগীদের কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু সময় নষ্ট না করে ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, ইএনটি সার্জেন ডাক্তার শ্রেষ্ঠেন্দু সাহা এবং ডাক্তার বিত্তিসুন্দর মল্লিকের তত্ত্বাবধানে ওই কিশোরের অস্ত্রোপচার শুরু হয়। অত্যন্ত নিপুণতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কানটি পুনরায় জোড়া লাগানোর কাজ সম্পন্ন করেন তাঁরা। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় সফল হয় এই 'রিব্যাচমেন্ট' সার্জারি।

চিকিৎসক শ্রেষ্ঠেন্দু সাহা জানান, "সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিচ্ছিন্ন অংশটি নষ্ট হওয়ার আগেই আমরা অস্ত্রোপচার শুরু করতে পেরেছিলাম। বর্তমানে কিশোরটির অবস্থা স্থিতিশীল এবং তার কানটি পুনরায় কর্মক্ষম হবে বলে আমরা আশাবাদী।"

বনগাঁর মতো মহকুমা হাসপাতালে বসে এমন জটিল ও বিরল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় চিকিৎসকদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অনুপমের পরিবার জানিয়েছে, "আমরা ভেবেছিলাম হয়তো ওর কানটা আর কোনোদিন স্বাভাবিক হবে না। কিন্তু বনগাঁর ডাক্তারবাবুরা আমাদের ছেলেকে নতুন জীবন দিলেন।"




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন