সমকালীন প্রতিবেদন : বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোপালনগর থানার অন্তর্গত বেলেডাঙা চারতলা এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার চারতলা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের সদস্যরা। ওই গাড়িতে বিধায়ক নিজে ছিলেন না, তবে তাঁর স্ত্রী সহ কয়েকজন আত্মীয় ছিলেন। অভিযোগ, গ্রামে গাড়িটি ঢুকতেই কয়েকজন স্থানীয় বাসিন্দা গাড়িটি দেখে প্রশ্ন করেন। সেই সময় গাড়ির ভেতর থেকে কটূক্তি ছোড়া হয় বলে অভিযোগ।
আরও অভিযোগ, গাড়ির ভিতর থেকেই এক গ্রামবাসীর হাতে আঘাত করা হয়। এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। অভিযোগ, এরপরই তারা গাড়িটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থল থেকে খবর যায় গোপালনগর থানায়।
অন্যদিকে, বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া অভিযোগ করেন, “একটি ধর্মীয় অনুষ্ঠানে আমার পরিবার গিয়েছিল। আমার স্ত্রী সহ গাড়িতে থাকা বাকিদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। আমার গাড়িতে আক্রমণ করা হয় এবং সবাইকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়।” তাঁর দাবি, ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে ঘটনার জেরে আহত দিব্যেন্দু দেবনাথ নামের ওই গ্রামবাসীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা বিজেপি বিধায়কের স্ত্রী গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন