Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁয় দুঃসাহসিক চুরি: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক রাতে ৪ বাড়িতে লুটপাট

 

Daring-theft

সমকালীন প্রতিবেদন : একই গ্রামে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এইসব পরিবারগুলির সদস্যরা কেউ গিয়েছিলেন ভিন রাজ্যে কাজে, কেউবা ভিন জেলায় আত্মীয়ের বিয়েতে। আর এই ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই বৃহস্পতিবার গভীর রাতে বনগাঁ থানার আরসিংড়ি গ্রামে চলল দুষ্কৃতী তাণ্ডব। সোনা ও রুপোর গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আরসিংড়ি গ্রামের সুজাতা প্রামাণিক-সহ মোট চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে প্রতিটি বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে এবং আলমারি ও লকার তছনছ করে। সোনা-রুপোর গয়না ও নগদ টাকা মিলিয়ে বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।

ক্ষতিগ্রস্ত সুজাতা প্রামাণিকের আত্মীয় দেবাশীষ শীল জানান, 'আমার জামাইবাবু ও ভাগ্নে কাজের সূত্রে দিল্লিতে থাকেন। দিদি সুজাতা বর্ধমানে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে সর্বস্ব লুট করা হয়েছে।'‌ একই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন মনিরুল মন্ডল। তিনি জানান, তাঁর মামাশ্বশুর বৃহস্পতিবার সকালেই কাজের জন্য মুম্বই রওনা দিয়েছিলেন। সেই শূন্য বাড়ির সুযোগ নিয়ে চোরের দল গয়না নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে একই রাতে একটি গ্রামে পরপর চারটি চুরির ঘটনায় সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আরসিংড়ি গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় যথাযথ রাত পাহারার ব্যবস্থা না থাকাতেই দুষ্কৃতীরা এই ধরণের স্পর্ধা দেখানোর সাহস পাচ্ছে। ঘটনার পর থেকে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন